দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচনে গতকাল বুধবার ভোটগ্রহণ হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ কোটি ৬০ লাখ। বিবিসি’র খবরে বলা হয়েছে, এই নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দল ক্ষমতাসীন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। এএনসি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার চারশো আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এএনসি বর্তমানে ২৪৯টি আসন দখলে রেখেছে। তারা ১৯৯৪ সাল থেকে ক্ষমতায়। বলা হচ্ছে, লাগামহীন দুর্নীতি, ধনী-গরিব বৈষম্য ও ভূমি সংস্কারের মতো ইস্যুতে ব্যর্থতার জন্য এএনসি’র জনপ্রিয়তায় ধস নেমেছে।
