গৌরনদীতে খোলা মাঠে পাঠদান

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১৫
বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি বহু পূর্বেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ভাষাসৈনিক কাজী গোলাম মাহাবুবের বসতবাড়ির সম্মুখস্থ ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় গত প্রায় ৪ মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে। তীব্র রোদের প্রখরতা সইতে না পেরে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। জানা গেছে, ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুবের বাবা সমাজসেবক মরহুম আব্দুল মাজেদ কাজী ১৯৫১ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে নির্মিত ভবনটি ধসে পড়ায় ১৯৯৩ সালে গৌরনদী এলজিইডি তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। ওই ভবনটিতে পাঠদান চলছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুবুদ্দীন জানান, গত দুই বছর যাবত্ ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তারপরেও বিকল্প কোন শ্রেণিকক্ষ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস নেয়া হত। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ক্লাস চলাকালীন সময়ে হঠাত্ বিমের অংশ বিশেষ খসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়। সেই থেকে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলছে। বিষয়টি বার বার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন প্রতীকার পাননি বলে স্থানীয়রা জানান। স্কুলটিতে ২শত ৭৪ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলে অন্য কোন ভবন না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত ৪ মাস যাবত্ খোলা আকাশের নিচে পাঠদান চলছে। এলাকাবাসী প্রকাশ করে বলেন, একজন ভাষা সৈনিকের বাড়ির সামনে স্কুলের এ দুরাবস্থা দেখার কেউ নেই। গৌরনদী উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বজলুর রহমান বলেন, স্কুল ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যবহার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, গোটা উপজেলার স্কুল ভবনগুলো খুবই খারাপ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।