বাঁধ মেরামত না করায় ভাঙন আতঙ্কে ৭ উপজেলার মানুষ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১৭
তারাকান্দি-ভুঞাপুর যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, ভুঞাপুর, ঘাটাইল, কালিহাতি এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মানুষ উত্কণ্ঠার মধ্যে বসবাস করছেন। আর মাত্র ৪/৫ ফিট পানি বাড়লেই বাঁশুরিয়া এলাকার ভাঙ্গা বাঁধ দিয়ে অবাধে পানি ঢুকে টাঙ্গাইল জেলার দুই তৃতীয়াংশ অকাল বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, গত বর্ষা মৌসুমে যমুনার ভাঙ্গনে বাঁশুরিয়া এলাকায় এককিলো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের পশ্চিম পাড়ের ৪টি গ্রাম নদীগর্ভে নিমজ্জিত হয়। বাঁধ রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। যমুনার মূল স্রোত বাঁধ ঘেঁষে প্রবাহিত হওয়ায় ব্যাপক ভাঙ্গন এবং আগাম বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। ১৫/২০ লক্ষ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ক্ষতিগ্রস্ত বাঁধের পাঁচশ’ মিটার মেরামতের জন্য আড়াই হাজার জিও ব্যাগ ও ব্লক ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাড়তি বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত বাঁধের অবশিষ্ট অংশ মেরামত করা হবে।