মেয়রসহ ৫ জন ফলাবিদ্ধ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১৭
নাটোরের গুরুদাসপুরে পুলিশের সমঝোতা বৈঠকের পর আবারও আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে গতকাল বুধবার উপজেলার ধারাবারিষায় গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ পাঁচজন ফলাবিদ্ধ হয়েছেন। ভাংচুর করা হয়েছে মেয়রকে বহনকারী প্রাইভেটকারটি। ফলাবিদ্ধরা হচ্ছেন- মেয়রের ভাই গোলাম মোল্লা, সমর্থক সনাতন, রেজা ও মাইক্রোবাসচালক আবু সাঈদ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়। উল্লেখ্য- উপজেলার ধারাবারিষা ইউনিয়নে আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও তার ছোট ভাই বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে একটি নারীঘটিত ঘটনাকে ঘিরে একই ইউনিয়নের মেয়র সমর্থক ও ধারাবারিষা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রিপন সরকার ও আহাদ আলীর সাথে বিরোধসহ পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে গত দুই সপ্তাহ ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ঘরবাড়ি ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। উত্তেজনা নিরসনে এলাকায় পুলিশ প্রহরা অব্যাহত ছিল। সর্বশেষ গত মঙ্গলবার রাতে উপজেলার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যস্থতায় পুলিশ বিষয়টি সমঝোতা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমঝোতার পর বুধবার সকালে মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থক রিপন সরকারের নেতৃত্বে মানিক, নাছির, হাসান, সাজু, রনজু, মামুনসহ অনেকে চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক আব্দুর রহমান ও মরুর বাড়িতে হামলা ও ভাংচুর করে। ওই ঘটনার পর মেয়র শাহনেওয়াজ আলী ঘটনাস্থল প্রত্যক্ষ করে ফেরার পথে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা লাঠি, ফলা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে মেয়রের ওপর হামলা চালায়। এনিয়ে উভয় পক্ষের কয়েক হাজার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।