মেহেরপুরে চার মাসে ১৩ খুন ১৪ ডাকাতি

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১৯
মেহেরপুরে আইন শৃংখলার ব্যাপক অবনতি হয়েছে। তথ্য অনুসন্ধানে এ জেলায় গত ৪ মাসে ১৩টি খুন, ১৪টি ডাকাতি, ৬টি ছিনতাই ও ১৬টি সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে। ঘটনাগুলো হলো ২০ জানুয়ারি মুজিবনগর সীমান্তে বিএসএফ-এর গুলিতে মোমিন (৪৫) নামের একজন কৃষক নিহত হয়। একই দিনে মেহেরপুর ফৌজদারী পাড়া মালা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ২৪ জানুয়ারি মেহেরপুর কাঁসারী পাড়ায় দুর্বৃত্তদের হাতে নৃসংশভাবে খুন হন মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা বিপুল (৪)। ২১ মার্চ সন্ধ্যা রাতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন মুজিবনগরের রতনপুরের বিএনপি নেতা ডাঃ হেলাল (৫০) ও তার কলেজ পড়ুয়া মেয়ে মিতু (১৮)। ৪ এপ্রিল গাংনীর হাড়িয়াদহ মাঠে অজ্ঞাত (২০) যুবতীর গলিত লাশ উদ্ধার হয়। ১৯ এপ্রিল খুন হয় মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের সমশের আলম (৫৪)। ২৩ এপ্রিল গাংনীর মিলপাড়া গ্রামের মামুন (২৫) ও শিমুলতলা গ্রামের রুস্তম (৫৫) খুন হয়েছিল। ৩০ এপ্রিল পরকীয়া প্রেমের জের ধরে গাংনীর সওড়াবাড়িয়ার মৃত একরাম আলীর ছেলে রুহুল (৪০) কে তার স্ত্রী ওষুধের সাথে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে। সর্বশেষ খুনের ঘটনাটি ঘটে ৪ মে মেহেরপুর শহরের উপকণ্ঠে দীঘিরপাড়ায়। মৌসুমী ফল লিচু খাওয়াকে কেন্দ্র করে যুবলীগ কর্মী আকরাম শেখ ওরফে নাগরাম (৩২) কে হত্যা করা হয়েছে। এছাড়া একই সময় জেলায় ১৪টি সংঘর্ষ, ১২টি ডাকাতি ও ৬টি ছিনতাই-এর ঘটনা ঘটেছে। ছিনতায় সংঘর্ষ এবং ডাকাতির ঘটনায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী বোমা। পুলিশ প্রশাসন জেলাকে খুন ও সন্ত্রাসমুক্ত রাখতে চালাচ্ছে সাড়াশি অভিযান। গ্রেফতার করছে বিভিন্ন আন্ডারওয়াল্ডের সদস্যদের। উদ্ধার করা হচ্ছে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য।