মঙ্গলবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা গ্রামের মাঠে ফারুক হোসেন ওরফে বোমা ফারুক (৪০) নামে এক চরমপন্থি ক্যাডারকে গুলি ও শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামের মাঠে হাশেম খান (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ফারুক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরতলা গ্রামের বদর উদ্দিনের ছেলে এবং হাশেম খান পাবনার ঈশ্বরদী রেলওয়ে হাসপাতাল রোর্ডের জান মোহাম্মদ খানের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ফারুক নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধর দুর্ধর্ষ ক্যাডার ছিল। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা, জীবননগর, আলমডাঙ্গা ও ঝিনাইদহ থানায় একাধিক হত্যা মামলাসহ চাঁদাবাজি ও বোমাবাজির মামলা রয়েছে। অন্যদিকে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত ডালমিল শ্রমিক হাশেম ভাল লোক ছিলেন বলে তারা জানতে পেরেছেন। শত্রুতাবশত কেউ তাকে হত্যা করতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
