আধা ঘণ্টার জন্য ৬ লাখ ডলার!

আপডেট : ১৬ মে ২০১৩, ১৯:২০
আপনার বহুল আকাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আধাঘণ্টা সময় কাটাতে আপনি কত টাকা ব্যয় করবেন? অনেকেই হয়ত ২/১ লাখ টাকা খরচ করতে রাজি আছেন। কিন্তু তাই বলে ৬ লাখ ডলার? অংকটা শুনতে পাগলের মতো মনে হলেও অ্যাপল সিইও টিম কুকের সাথে আধাঘণ্টা সময় কাটানোর জন্য ৬ লাখ ৫ হাজার ডলার ব্যয় করতে রাজি হয়েছেন একজন ব্যক্তি। চ্যারিটিবাজ ওয়েবসাইট আয়োজিত এক নিলামে এই মাথা খারাপ করা অংকটি নিলামে ডেকেছেন নাম না জানানো এক ব্যক্তি। ইংরেজি ‘জে’ অদ্যাক্ষর এবং ‘এন’ শেষ অক্ষরের এই ব্যক্তি টিম কুকের সাথে সাক্ষাতে মিনিটে খরচ করবেন ২০ হাজার ডলার! এর আগে কোনো ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য নিলামে সর্বোচ্চ দর উঠেছিল ২ লাখ ২৫ হাজার ডলার, তাও আবার ছিল সারাদিনের জন্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে সাক্ষাতের জন্য এই বিরাট অংকে নিলাম চূড়ান্ত হয় তখন। টিম কুকের আধাঘণ্টার জন্য যে নিলাম দর উঠেছে, তা এখন পর্যন্ত ওই সাইটের সর্বোচ্চ নিলামের রেকর্ড। ২০০৫ সালে প্রতিষ্ঠিত চ্যারিটিবাজ এর আগে পল ম্যাকার্টনি, বনোর সাথে সময় কাটানোর জন্যও নিলাম ডাকে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ চ্যারিটিবাজ প্রদান করে থাকে রবার্ট কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসকে।