সিটিও ফোরামের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

আপডেট : ১৬ মে ২০১৩, ১৯:২১
সম্প্রতি সিটিও ফোরাম বাংলাদেশের ঢাকাস্থ নিজস্ব অফিসে সিটিও ফোরামের সাম্প্রতিক কার্যক্রম অবহিত করার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তির উন্নয়নে সিটিও ফোরামে কী কী ভূমিকা পালন করছে তার বিস্তারিত বর্ণনা দেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার। তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকে সিটিও ফোরাম আন্তর্জাতিক আইটি ব্যক্তিত্বদের দেশে এনে বিভিন্ন টেকনিক্যাল আলোচনার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায়, আজ শুক্রবার ঢাকার হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বাংলাদেশ সিআইও সামিট।’ সিটিও ফোরাম বাংলাদেশ ও ইউবিএম ইন্ডিয়া লিমিটেড এ সামিটের আয়োজন করছে। সামিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা চেম্বার অফ কমার্সের (ডিসিসিআই) সভাপতি সবুর খান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।