আঁধার ঘরে চাঁদের আলো

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:০৯
নাটোরের বড়াইগ্রামের ভটভটি চালকের মেয়ে পারভীন জিপিএ-৫ পেয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় জিপিএ-৫ পাওয়া সেলিম করে দিনমজুরের কাজ। গঙ্গাচড়ার অদম্য মেধাবী রোমান আতংকিত তার ভবিষ্যত্ নিয়ে। গৌরনদীর মেধাবী ছাত্র হাবিবুর রহমানের অনিশ্চিত ভবিষ্যত্। এ যেন আঁধার ঘরে চাঁদের আলো। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা। বড়াইগ্রাম (নাটোর) উপজেলার রয়নাভরট গ্রামের দরিদ্র ভটভটি চালক ফরিদুল ইসলাম ও গৃহিণী আয়েশা বেগমের মেয়ে পারভীন খাতুন। দারিদ্র্যের কষাঘাতকে দুই পায়ে মাড়িয়ে এবারের এসএসসি পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে । পারভীনের বাবা সারাদিন যে যত্সামান্য টাকা আয় করেন তাতে কোনরকমে চলে তিন মেয়ে ও স্বামী-স্ত্রীসহ ৫ জনের সংসার। আর্থিক দৈন্যের কারণে মেয়ের পড়াশুনার প্রয়োজনীয় চাহিদা মেটানো তার পক্ষে সম্ভব হয়নি। তাই সহপাঠী ও প্রতিবেশীদের নিকট থেকে অনেক সময় বই-পুস্তক ধার নিয়ে লেখাপড়া করতে হয়েছে তাকে। এছাড়া দাদা আরশেদ মোল্লা এবং স্যাররাও তাকে নানাভাবে সহযোগিতা করেছেন। সীমাহীন আর্থিক দৈন্যকে পরাজিত করে এগিয়ে চলা পারভীনের দুই চোখ জুড়ে ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু লালিত এ স্বপ্ন কিভাবে পূরণ হবে তা জানা নেই পারভীনের। ভাঙ্গুড়া (পাবনা) উপজেলার সিংগাড়ি গ্রামের দিনমজুর পিতার সাথে কাজ করে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুলের ছাত্র সেলিম হোসেন। সেলিমের ভূমিহীন পিতা আলাউদ্দিন ২০০৭ সালে পিত্তথলির অপারেশন করায় ভারী কাজ করতে পারেন না। তারপরেও সংসারের প্রয়োজনে ইটের ভাটায় কাজ করেন। লেখাপড়ার ফাঁকে সেলিম পিতার কষ্ট লাঘবে ইট বোঝাই ভ্যান পিছন থেকে ঠেলে সহযোগিতা করেন। সেলিমের মা শিউলী খাতুন জানান, তার পুত্র আজ ভালো জামা-কাপড় পরে বের হয়েছে। সেলিম ডাক্তারি পড়ে দরিদ্র মানুষের সেবা করতে চায়। গঙ্গাচড়া (রংপুর) নিজেদের কোন জমি নেই। ভূমিহীন। থাকে সরকারি আবাসন কেন্দ্রে রোমান মিয়া। বাবা শামসুল আলম ও মা আনোয়ারা বেগম দুইজনই শ্রমিকের কাজ করেন। কষ্টের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। এত অভাবের মাঝেও রোমান কুঠিপাড়া চেংমারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। রোমানের ভালো ফলাফলে আবাসন কেন্দ্রের সবাই খুশি। রোমান ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু মা আনোয়ারা বেগম বলেন, ফরম ফিলাপের টাকা আত্মীয়-স্বজনরাই দিয়েছে। অভাবের সংসারে ছেলেকে ঠিকমত খাবারও দিতে পারি না। ছেলের ফলাফলে খুশি হলেও অজানা আতংকে মনটা তার ভারী হয়ে উঠেছে। কি হবে তার ছেলে রোমানের। গৌরনদী (বরিশাল) উপজেলার শাহজিরা গ্রামের দিনমজুর হাকিম খানের পুত্র হাবিবুর রহমান ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। দিনমজুর হাকিম খানের সাত সদস্যের পরিবারে যখন চরম আর্থিক দৈন্য তখন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিল মেধাবী ছাত্র হাবিবুর । এ সময় স্থানীয় আগরপুর বাজারের সজলচন্দ্র দাসের আর্থিক সহযোগিতা ও পঙ্কজ দাসের নিরলস প্রচেষ্টা আশা জুগিয়েছে হাবিবুর রহমানকে। কিন্তু এবারের এসএসসি পরীক্ষায় হাবিবুর রহমান গোল্ডেন জিপিএ-৫ পেয়েও আর্থিক দৈন্যের কারণে উচ্চশিক্ষার আশা এখন অনেকটাই ছেড়ে দিয়েছে।