সাভার ট্রাজেডি

মির্জাপুরে এখনো নিখোঁজ ৬

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:০৯
সাভারের রানা প্লাজায় ভবন ধসের ঘটনায় মির্জাপুর উপজেলার সাত গ্রামের ৬ গার্মেন্ট কর্মী এখনো নিখোঁজ। মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শেষের ঘোষণা দেয়ার পর থেকেই ঐ গ্রামগুলোতে কান্না আর থামছে না। যদিও ১৮ জন নিখোঁজের মধ্যে আবু হানিফ (২৩), লিমা (২২) ও সাথী (২০), লায়লা আক্তার (২৩), মেরি আক্তার (২৩), কাজল রানী বাদ্যকর (২৫) ও আবুল ফজলের লাশ পাওয়া গেছে। ৬ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর তাদের চিকিত্সা চলছে এবং আরও ৬ জন এখনো নিখোঁজ রয়েছে। ওয়ার্শি গ্রামের নিখোঁজ আবু হানিফদের বাড়িতে গিয়ে দেখা গেছে তার মা পিয়ারা বেগম, বাবা আফাজ উদ্দিন বাকরুদ্ধ। একই চিত্র দেখা গেছে নিখোঁজ দুই বোন লিমা ও সাথীর বাড়িতে গিয়ে। পির্তৃ-মাতৃহারা এই পরিবারের উপার্জনশীল কেউ নেই। পাঁচ বোনের সংসারে কারও বিয়ে হয়নি। দুই বোন লিমা ও সাথী চাকরি করে সংসার চালাতো। ছোট দুইবোন শারমিন ও মোর্শেদা কলেজে পড়ছে। দুই বোনের নিখোঁজের ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে অন্ধকার। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, সাভার ট্রাজেডির নির্মম শিকার নাটোরের বড়াইগ্রাম উপজেলার দোলনাহার, হযরত, আলেয়া ও মৌসুমীর পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছে বনপাড়া এস আর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট। এছাড়া নিহত দুইজন গার্মেন্টস শ্রমিকের ছেলে-মেয়েদের পড়াশুনার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার বিদ্যালয় চত্বরে ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নিহত ৪ জন গার্মেন্টস শ্রমিকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেন।