হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চলছে কার্যক্রম। ডাক্তারদের অনুপস্থিতি ও অবহেলায় হতদরিদ্র রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য প্রশাসক নিজেই জানে না কতজন ডাক্তার অনুপস্থিত। শনিবার হোসেনপুর হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতির কারণে আগত রোগীরা হৈ-চৈ শুরু করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ১৩ জন ডাক্তারের মধ্যে উপস্থিত আছেন মাত্র ৫ জন। তাই আগত রোগীদের অনেকেই চিকিত্সা না পেয়ে বাড়িতে চলে যাচ্ছে। এ ব্যাপারে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হেলালউদ্দিন জানান, ১৩ জনের মধ্যে ৫ জন ডাক্তার আছি। আমরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালের প্রশাসক ডা. রমজান মাহমুদ ফোনে জানান, ২ জন ডাক্তার অনুপস্থিত। স্বাস্থ্য প্রশাসককে ৫ জনের অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করলে তিনি জানান অনুপস্থিতির বিষয়টি নিয়ে মিটিং-এ বসবো। স্বাস্থ্য প্রশাসক নিজেই জানেন না যে কতজন উপস্থিত এবং কতজন অনুপস্থিত।
