ভালুকায় অর্থাভাবে ১৩টি প্রকল্প বন্ধ

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:১১
অর্থ ছাড় না হওয়ার কারণে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (বৃহত্তর ময়মনসিংহ জেলা) প্রকল্পের আওতায় ভালুকা উপজেলার ১৫টি প্রকল্পের মাঝে ১৩টি প্রকল্পের উন্নয়ন কাজ দীর্ঘদিন বন্ধ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই প্রকল্পের আওতায় ভালুকার প্রকল্প সমূহ হচ্ছে, বোর্ড বাজার-বিরুনীয়া রাস্তা, সিডস্টোর বাজার-ঝালপাজা রাস্তা, কুল্লাব মোড়-পাইলাব চৌরাস্তা, ভালুকা-সোয়াইল রাস্তা, সিডস্টোর বাজার-ঝালাপাজা রাস্তা হতে উত্তর হবিরবাড়ি হেকিম খানের বাড়ি পর্যন্ত রাস্তা, রামপুর বাজার-বনকূয়া বাজার রাস্তা, বনকূয়া বাজার-উথুরা-পানিবান্ডা তালতলা বাজার ভায়া উথুরা মল্লিকবাড়ি রাস্তা, হবিরবাড়ির ডুবালিয়া মোড় হতে আমতলী বাজার ভায়া এনভয় টেক্সটাইল মিল রাস্তা, বাওয়া কংশেরকুল ভায়া মাহমুদপুর বাজার রাস্তা, সিডস্টোর বাজার-ঝালপাজা রাস্তা, বোর্ড বাজার-বিরুনীয়া রাস্তা, হবিরবাড়ি মন্ডলবাড়ি চৌরাস্তা-নলুয়াকুড়ি মধ্যপাড়া রাস্তা ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে (খুজিবাড়ি) চাপরবাড়ি বেপারী পাড়া ব্রিজ হয়ে এমদাদ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা। এ ব্যাপারে ওই সব প্রকল্পের একাধিক ঠিকাদারের সাথে কথা বলে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (বৃহত্তর ময়মনসিংহ জেলা) প্রকল্পে প্রাক্কলিত বালির মূল্যের চেয়ে ভালুকা এলাকায় বালির মূল্য অনেক বেশি। তাছাড়া, অর্থ ছাড় না হওয়ায় কোন ঠিকাদার ওই প্রকল্পের রাস্তার কাজ করতে আগ্রহী হচ্ছে না। ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী আজিজুল বারী জানান, আগামী বছর কাজের রেইট সিডিউল পরিবর্তনের সময় জেলার শুধুমাত্র ভালুকার রেইট সিডিউলটি গাজীপুরের সাথে মার্জ করানোর জন্য ইতিমধ্যে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।