গঙ্গাচড়ার খারুভাঁজ বিল এখন গোচারণ ভূমি

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:১২
উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু গ্রামে ১৬ একর ৪০ শতক সরকারি জমিতে অবস্থিত খারুভাঁজ বিলে বছরের ৬মাস পানি থাকে না। বিলের তলদেশে চরে গবাদিপশু। স্থানীয়রা বলেন, এক সময় সারা বছর ধরে এই বিলে লোকজন মাছ মারতো। উত্পাদিত হতো দেশি জাতের মাছ। মত্স্যজীবীরাও সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এ বছরও মত্স্যচাষীদের কাছে ৬ লাখ টাকায় বিলটি লিজ দেয়া হয়েছে। লিজগ্রহীতা মহিপুর মত্স্যজীবী সমিতির সভাপতি আফসার আলী বলেন, সারা বছর পানি না থাকায় আমরা টাকা উঠাতে পারবো না। ইউপি সদস্য বকুল মিয়া বলেন, বিলটি খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। খারুভাঁজ বিল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বিলের অবস্থা একই। উপজেলা মত্স্য কর্মকর্তা রেজাউল কবির বলেন, সরকারি ৮টি বিলের মধ্যে এটি বড়। বিলটি খনন করা হলে, মাছের উত্পাদন বাড়তো। সেই সাথে মত্স্যজীবী ও সরকারের আয় বৃদ্ধি পেতো। সেই সাথে ২ হাজার টন মাছের ঘাটতি পূরণ করা সম্ভব হতো।