শালিখায় চিকিত্সকের অভাবে সিজারিয়ান বন্ধ

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:১৩
শালিখা হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় সোয়া দুই বছর সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। যার ফলে এখানকার প্রসূতিদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। ২০০৬ সাল থেকে চিকিত্সক না থাকায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর ২০১০ সালে ২ জন চিকিত্সক যোগদান করলেও সীমিত আকারে পুনরায় কার্যক্রম চালু করা হয়। কিন্তু ১১ সালের জানুয়ারিতে অজ্ঞানবিদ চিকিত্সক ডাঃ কামরুজ্জান এবং গাইনি সার্জারী চিকিত্সক ডাঃ শম্পা বিশ্বাস বদলি হয়ে যাওয়ায় কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুন্সী মোঃ ছাদুল্লাহ বলেন, সংশ্লিষ্ট বিভাগের চিকিত্সক না থাকায় সিজারিয়ান বন্ধ রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় লোকবল পেলেই পুনরায় প্রসূতি বিভাগ চালু করা সম্ভব হবে।