রংপুরের গঙ্গাচড়ায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ কোলকোন্দ তেতুলতলা গ্রামে।
গ্রামের জ্ঞানদাস চন্দ্রের পুত্র শ্যামল চন্দ্র (২০) একই গ্রামের রাজ কিশোর চন্দ্রের কন্যা অনিতা রাণী (১৭) কে ভালবেসে দুইজনে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। অনিতার বাবা বাদী হয়ে আদালতে একটি অপহরণ মামলা করেন। মামলার কথা শ্যামলের পরিবার জানতে পারলে গত ১০ মে শ্যামল অনিতাকে তার বাড়িতে নিয়ে আসে। অনিতাকে শ্যামলের বাড়িতে নিয়ে আসার কথা জানতে পেরে অনিতার বাবা বিষয়টি গঙ্গাচড়া মডেল থানা কর্তৃপক্ষকে জানালে, পুলিশ অনিতাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে অনিতাকে তার বাবার কাছে ফেরত দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্যামল চন্দ্র গত মঙ্গলবার রাতে প্রেমিকার বাবা রাজ কিশোর, চাচা অশ্বনী কুমার ও বিষ্ণু কুমার মাস্টারের বাড়িতে ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করে এসে জানান, প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
