বগুড়ার শেরপুর থানা পুলিশ তাড়াশ উপজেলার কাটাগাড়ি বাজার এলাকা থেকে গত বুধবার (৮ মে) রাতে সর্বহারা পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রওশন আলী (৫৮), চন্দন কুমার (৩৬) ও রাজ কুমার (৩৩)।
গত ৮ এপ্রিল রাতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্যরা উপজেলার ভবানীপুরে পোস্টার লাগানোর সময় বাধা পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। এ ঘটনায় শেরপুর থানার এসআই আতিক বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা গেছে, গ্রেফতার এড়াতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাড়িল বড়ই চড়া গ্রামের মৃত বাহেজ উদ্দিনের ছেলে দুইটি হত্যা মামলাসহ ৫ মামলার আসামি রওশন আলী, একই গ্রামের ভবেন্দ্র নাথের ছেলে চন্দন কুমার ও রাজ কুমার তাড়াশ উপজেলার কাটাগাড়ি বাজার এলাকায় গোপনে অবস্থান করছিল। শেরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ওই এলাকা থেকে বুধবার রাত ৩টার দিকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: বগুড়া-৬: সরর আওয়ামী লীগ, নীরব বিএনপি
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আটককৃতরা পূর্ববাংলা কমিউস্টি পার্টি (সর্বহারা) সদস্য। তাদের বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
