নেওয়াজ আর দশজন সুস্থ্য মানুষের মতো হাঁটতে পারেন না। হাত দুটোও বাঁকা। কথা বলার সময় মাথাটিও বেঁকে পিছনের দিকে চলে যায়। বাকপ্রতিবন্ধীর মতোই ইশারায় কথা বলতে হয় তাকে। অর্ধাহারে-অনাহারে কাটছিল নেওয়াজের দিনগুলো। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ৬ বছর পূর্বে একদিন মা-বাবাকে না জানিয়েই নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দিন থেকে পার্বত্য বান্দরবানের লামায় চলে আসে নেওয়াজ। বেঁছে নেন ভিক্ষাকে পেশা হিসেবে। প্রায় ৫ বছর লামা বাস স্টেশনে ভিক্ষা করে। যাত্রীদের দান ১ টাকা ২ টাকা করে এভাবে ৫ বছরে জমানো সঞ্চয় ৮৫ হাজার টাকায় রূপ নেয়।
আর এই টাকা দিয়ে লামার চেয়ারম্যান পাড়ায় ছোট্ট একটি ভাড়া দোকানে ১ জন কর্মচারী নিয়ে শুরু করে বেকারী পণ্য তৈরি। সরবরাহ করে লামা পৌরসভার বিভিন্ন চায়ের দোকান ও কুলিং কর্ণারে। অল্প সময়ের মধ্যে স্থানীয় অধিবাসীদের নিকট গ্রহণযোগ্যতা লাভ করে নেওয়াজের বেকারীতে তৈরিকৃত কেক, পাউরুটি, বিস্কুট। আর ১ বছরের ব্যবধানে এই বেকারীতে এখন পুঁজি দাঁড়িয়েছে ১৫ লাখ টাকা। নেওয়াজের বেকারীতে এখন কর্মসংস্থান হয়েছে ১৬ জন বেকারের। তাদের মধ্যে তিন জনকে ৮ হাজার টাকা আর ৪ জন পায় ৫ হাজার টাকা হারে। বাকী ৯ জন দেড় হাজার টাকা থেকে ৪ হাজার টাকা হারে বেতন পায়।
নেওয়াজের বাবা মোহাম্মদ শাহজাহান জানান, নেওয়াজ জন্ম থেকেই পোলিও আক্রান্ত। ও চার ছেলে-মেয়ের মধ্যে সবার বড়। নেওয়াজ জন্ম নেওয়ার পর তার চিকিত্সায় ব্যয় হয় অনেক টাকা। এই টাকা যোগাড় করতে যত্সামান্য ভিটেমাটি ছিল বিক্রি করে নেওয়াজের চিকিত্সার খরচ চালিয়েছি। তবে কোন লাভ হয়নি। এখন মাথা গোজার ঠাঁই না পেয়ে নেওয়াজের কাছে চলে এসেছি। তবে এখনও কোন ভিটেমাটি যোগাতে পারিনি। অন্যের জায়গায় ছোট্ট একটি কুঁড়েরঘর তৈরি করে আশ্রিতা হয়ে আছি।
নেওয়াজ জানান, এক বোনের বিয়ে দিয়েছি। ছোট ভাইকে আরেকটি দোকান নিয়ে দিয়েছি, ওখানে সে এই বেকারীতে তৈরিকৃত পণ্য বিকিকিনি করেন। বার্ধক্যজনিত রোগে বাবা আক্রান্ত, তাই কোন কর্ম করতে পারেন না। মাও এখন বৃদ্ধ। মা বাবা ছোট ছোট ভাই ও বোনকে নিয়ে আছি। আশা করছি আগামী এক-দেড় বছরের মধ্যে কিছু জায়গা কিনে বাড়ি করতে পারবো।
লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, নেওয়াজ বেকার যুবকদের জন্য হতে পারে অনুসরণীয়। শারীরিক প্রতিবন্ধী হয়েও দারিদ্রতাকে হার মানিয়েছে তার কর্মদ্বারা।
