খোলা আকাশের নিচে মধুখালীতে পাঠদান

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৫২
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট দোতলা একটি ভবনে ফাটল এবং ঝুঁকিপূর্ণ হওয়ার সেটাকে পরিত্যক্ত ঘোষণা করে প্রতিবেদন প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম শফিক। এদিকে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে খোলা আকাশের নিচে। ১৯৩৫ সালে স্থাপিত বিদ্যালয়ের লেখাপড়ার মান সন্তোষজনক হলেও কক্ষের সংকুলান না হওয়ায় তা ধরে রাখার বিষয়ে চিন্তিত বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। বুধবার কথা হয় প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সাথে। তিনি জানান, বিদ্যালয়ে ৫টি শ্রেণীতে মোট ১৩৭৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের জন্য মোট ১২ কক্ষ প্রয়োজন। কিন্তু আছে মাত্র ৮টি কক্ষ। উপজেলা নির্বাহী অফিসার এসএম শফিক জানান, উক্ত দোতলা ভবনের বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর কে বা কারা আবেদন জানালে জেলা প্রশাসক আমাকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক ভবনের নিজ তলায় বিভিন্ন অংশে ফাটল ও জরাজীর্ণ থাকায় ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এটাকে পরিত্যক্ত ঘোষণা করে প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।