কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ গোলাম মাওলা একই বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. জি.এম মনিরুজ্জামানকে বৃহস্পতিবার দুপুরে লাঞ্ছিত করাসহ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুবি কর্তৃপক্ষ।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে কুবি’র বাংলা বিভাগের প্রধান ড. গোলাম মাওলা ও একই বিভাগের শিক্ষক ড. জি.এম মনিরুজ্জামানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সকল শিক্ষকের প্রকাশনা সংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য কুবি’র রেজিস্ট্রার অফিস থেকে সমপ্রতি একটি চিঠি ইস্যু হয়। কিন্তু বাংলা বিভাগের প্রধান ড. মাওলা শিক্ষক মনিরুজ্জামানকে এ বিষয়ে অবহিত না করে বৃহস্পতিবার তার নিজের তথ্য জমা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এলে ড. মনিরুজ্জামান ড. গোলাম মাওলার কাছে জানতে চান- কেন এ ব্যাপারে তাকে অবহিত করা হয়নি।
এ কথা বলার সাথে সাথে ড. গোলাম মাওলা ড. মনিরুজ্জামানের গলা চেপে ধরে তাকে জীবনে মেরে ফেলার হুমকি দেন। এর আগে ড. মনিরুজ্জামান ড. গোলাম মাওলাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধরের হুমকিসহ অসদাচরণ করেছেন উল্লেখ করে গত শনিবার ড. গোলাম মাওলা ভিসির কাছে একটি অভিযোগ দাখিল করেন
