গাংনী পৌর এলাকার চৌগাছা গুচ্ছ গ্রামের মাঠে একাট লিচু বাগানের পাহারাদারদের উপর বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোররাতে চৌগাছা গ্রামের আব্দুল লতিফের গুচ্ছ গ্রাম এলাকার একটি লিচু বাগানে বোমা হামলার এ ঘটনা ঘটে। বোমা হামলায় আহতরা হলেন চৌগাছা গ্রামের ইলিয়াস হোসেন (২৮), শরিফুল ইসলাম (৩০), শামীম হোসেন (২৮) ও জাহিদুল ইসলাম (২৯)।
আহত ইলিয়াস হোসেন জানান, রাত ১টার দিকে ৮/১০ জন সন্ত্রাসী বাগানে এসেই আমাদের উপর লক্ষ্য করে পর পর ৫টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে আহতদের মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
শামীমের একটি দাঁত ভেঙ্গে গেছে। বাগান মালিক আব্দুল লতিফ জানান, বেশ কয়েকদিন আগে আমার কাছে মোবাইল ফোনে ১ লাখ টাকা চাঁদা চেয়েছিল। এর আগেও ওই বাগানের পাহারাদারদের উপর বোমা হামলা করেছিল সন্ত্রাসীরা।
