রাঙ্গুনিয়ায় বন্যহাতির উত্পাতে বোরো ধান সাবাড়, নিহত এক

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৫৬
বন্যহাতি তাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা শিলক ও পদুয়া ইউনিয়নের পাহাড় সংলগ্ন এলাকায় কৃষকের চোখে ঘুম নাই। বোরো ধানে পাক ধরার শুরু থেকে বন্যহাতি দলবদ্ধভাবে নেমে এসেছে এখানে। হাতির দল বিলের কাঁচা আধাপাকা বোরো ধান খেয়ে এবং পায়ে পিষ্ট করে তছনছ করছে। শিলক বিলের কৃষক কামাল উদ্দিন জানান, গত এক সাপ্তাহে তৈরিয়াভাঙ্গা বিলের দুইশত একরের পাকা বোরো ধান নষ্ট করেছে বন্য হাতির দল। রাত জেগে পাহারা দিয়েও বোরো ধানে বন্যহাতির উত্পাত থামানো যাচ্ছে না। এলাকার কৃষকের হাতে বন্দুক নাই । তদুপরি বন বিভাগ এবং প্রশাসনের হাতির উত্পাত প্রতিরোধে কোন ভূমিকা নাই। নিরাপদ দূরত্ব থেকে কৃষকের মশাল জ্বালানো এবং শোর চিত্কারে হাতি তাড়ানোর প্রক্রিয়া বন্যহাতি তোয়াক্কাই করে না। উল্লেখ্য, ১ মে রাতে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছে কোদালা চা বাগানের শ্রমিক সুরেন্দ্র রায় (৫৫)। বাগান এলাকায় চাষাবাদকৃত নিজের বোরো ফসল পাহারা দিতে গিয়ে ক্ষুব্ধ বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি। ধান পাহারারত সুরেন্দ্রকে হাতি সুর দিয়ে পেচিয়ে ধরে পায়ের নিচে চাপা দিয়ে হত্যা করে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক বন্য হাতির উত্পাতের সত্যতা নিশ্চিত করেন। হাতির আক্রমণে নিহত চা শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। বন্যহাতির আক্রমণ প্রতিরোধ ও সাধারণের জানমাল রক্ষায় বনকর্মকর্তা ও কর্মচারীরা ওই এলাকায় টহল ব্যবস্থা করছেন বলেও জানান।