ভালুকায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু
ভালুকা সংবাদদাতা \ ঝড়ে ছিঁড়ে পড়া পিডিবির বিদ্যুতের তারে জড়িয়ে বৃহস্পতিবার ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে হানিফা (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। হানিফা ওই গ্রামের মজিবর রহমানের পুত্র ও স্থানীয় পানিভান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
করিমগঞ্জে শ্লীলতাহানির দায়ে বখাটের কারাদণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা \ জনৈকা গৃহবধূকে শ্লীলতাহানির দায়ে করিমগঞ্জের ইউএনও গোলাম কবীরের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চাতল গ্রামের বখাটে আজিমউদ্দিনকে (৩৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তাকে পরে জেল-হাজতে পাঠানো হয়।
মির্জাগঞ্জে মহাসেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে মীর্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক গাছ-পালা ভেঙ্গে গেছে। পানিতে প্লাবিত হয়ে রবি ফসলের মধ্যে চিনাবাদাম, মরিচ, তিল, মুগডাল, মিষ্টি আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ৬ হাজার ২শ’ একর জমির উফশী রোপা আউশ এবং ২ হাজার একর আউশের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।
পীরগাছায় মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ পীরগাছায় গত বৃহস্পতিবার ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় সদর ইউনিয়নের পাকার মাথা আসামপাড়া ব্লকে হাইব্রিড সাথী ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক বাবুল নন্দন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ।
পীরগাছায় প্রশিক্ষণ কর্মশালা
রংপুরের পীরগাছায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস চৌধুরানী শাখার উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রাইম প্রকল্পের উপকারভোগী মহিলাদের মাসব্যাপী কাপড়ে বিভিন্ন প্রকারের নকশার কারুকাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য আ. মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সোসাইটি ফর সোস্যাল সার্ভিস রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক ইসমাইল হোসেন।
আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গোপালদীবাজার নারায়ণগঞ্জ সংবাদদাতা \ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলা হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকাসহ লুটে নিয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল। গৃহকর্তা হারুন অর রশিদ জানান, রাত ৩টার দিকে ২০/২৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে মালামাল নিয়ে যায়।
শালিখায় অবৈধভাবে বিদ্যুত্ সংযোগ নিতে গিয়ে ছাত্রের মৃত্যু
শালিখা (মাগুরা) সংবাদদাতা \ শালিখায় অবৈধভাবে বিদ্যুত্ সংযোগ নেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রুবেল (১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উজগ্রামের আফতাব বিশ্বাসের পুত্র ফরিদপুর পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র রুবেল বৃহস্পতিবার সকালে নিজেদের পুরাতন বাড়ি থেকে ৩০০ গজ দূরে তাদের নতুন বাড়িতে অবৈধভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে সংযোগ দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়।
বড়াইগ্রামের খলিসাডাঙ্গা নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রাম উপজেলার দেওশীন ঘাটে খলিসাডাঙ্গা নদীতে বৃহস্পতিবার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৬২৫ টাকা প্রস্তাবিত ব্যয়ে বরাদ্দে ৪৮ মিটার দীর্ঘ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ফারাক্কা দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি \ ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন বৃহস্পতিবার টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হামিদুল হক মোহন।
রাজারহাটে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে নাগরিক সংলাপ
রাজারহাট সংবাদদাতা \ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও জীবিকা এনএসএ প্রকল্পের সহযোগিতায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
তালা সমবায় সমিতির নতুন চেয়ারম্যান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুর রশিদ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কাউনিয়ায় সাথী শস্য কর্তন দিবস অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ রংপুরের কাউনিয়ায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির হাইব্রিড সাথী জাতের ধান কর্তনের মাঠ দিবস গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলার বালাপাড়া ইউনিয়নের গেদ্দ বালাপাড়া ব্লকের কৃষকদের ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির পক্ষ থেকে বিনামূল্যে সার, বীজ, সেচ, চাষের অর্থসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে ২৭.৩৬ একর জমিতে হাইব্রিড সাথী জাতের ধান চাষে উত্সাহ দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার প্রমুখ।
চান্দিনার সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ চান্দিনার সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজে গত বৃহস্পতিবার বিকেলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপাধ্যক্ষ মো. জামাল হোসেন, প্রভাষক মো. রুহুল আমিন, মো. মাসুমুর রহমান মাসুদ, মো. মোস্তফা কামাল প্রমুখ।
যশোরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী আটক
যশোর অফিস \ যশোরে অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও গান পাউডারসহ সাবু (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাবুকে তার স্টেডিয়ামপাড়ার বাড়ি থেকে আটক করা হয়। আটক সাবু যশোর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাবুকে তার বাড়ি থেকে আটক করে।
রায়গঞ্জে ট্রাক চাপা পড়ে স্কুলছাত্রী নিহত
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে লামিয়া (৮) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত স্কুলছাত্রী ভুঁইয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং ভুঁইয়াগাতি গ্রামের লাল চানের মেয়ে। গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর সে রাস্তা পার হওয়ার সময় ভুঁইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। অপরদিকে সোমবার দুপুরে রায়গঞ্জ-সিরাজগঞ্জ সড়কে ধানগড়ায় পূর্ব লক্ষ্মীকোলা মহল্লার হাসান আলীর স্কুল পড়ুয়া ছেলে জুবায়ের (৮) নামের অপর এক শিশু ট্রাকের চাপায় নিহত হয়।
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গত বৃহস্পতিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুণবাড়ি গ্রামে আজমল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। নিহত আজমল মৃত ইয়াসিন আলীর ছেলে । সদর থানার এসআই আলী আকবর জানান, জমিজমা নিয়ে ইয়াসিন আলীর ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপরে আজমল তার ভাই-ভাতিজাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।
