নির্বাচন যখন ক্যাম্পাসে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:১৪

আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গোটা দেশ জুড়েই চলছে এক উত্সবের আমেজ। আর এ আমেজের প্রভাব থেকে বাদ যায়নি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসও। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ ব্যাচে (বিশ্ববিদ্যালয়ের একাদশ) দেখা মিলে এক মজাদার ব্যাপার। ব্যাচের ক্লাস প্রতিনিধি ঠিক করা নিয়ে সেখানে চলছে জাতীয় নির্বাচনের আদলেই প্রতীকী-নির্বাচন। কি নেই সেখানে! তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিক্রি, পোস্টারিং, মিছিল, মিটিং, নির্বাচনী প্রচারণায় লিফলেট। আবার সেই লিফটে রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতিও। আছে নৈরাজ্য ঠেকাতে বিএনসিসি। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষণে ক্ষণে চলছে সংবাদ পাঠ, নির্বাচনের সর্বশেষ আপডেট।

নির্ধারিত দিনে হলো ভোট গ্রহণ। বিএনসিসি তার অবস্থানে, যেকোনো প্রকার অনিয়ম প্রতিহত করতে তারা প্রস্তুত। ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকছে, ভোট দিয়ে হাসি মুখে বেরিয়ে আসছে। সবার মাঝে যেনো অন্য রকম এক আনন্দ। জাল ভোট ঠেকাতে বৃদ্ধাঙ্গুলিতে কালি দিয়ে চিহ্নিত করে দেওয়ার ব্যবস্থাও ছিল। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও জয়ী প্রার্থীর নাম ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটে এ প্রতীকী নির্বাচনের।

নির্বাচনে বিজয়ী প্রার্থীর কাছে তার অভিমত জানতে চাইলে বলেন, ‘একটি অবাদ ও নিরপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি আমাদের কোর্স-কোঅর্ডিনেটর ম্যাম, সাবেক সফল দুই সিআর, নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন ক্যাডেট এবং সর্বোপরি আমার প্রাণ প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানাই। ক্লাসের সার্বিক দায়িত্ব পালনে আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য।’