ক্যামেরা ছাড়াই তৈরি হবে ত্রিমাত্রিক ছবি!

আপডেট : ১৮ মে ২০১৩, ১৯:২০
ত্রিমাত্রিকতা বা থ্রিডি নিয়ে গবেষণা চলছে অনেকদিন থেকেই। থ্রিডি সিনেমা বাজারেও আসছে অনেকদিন হলো। তবে ত্রিমাত্রিক ছবি তোলার জন্য ত্রিমাত্রিক ক্যামেরা তৈরি এবং তাকে মূল প্রযুক্তি পণ্যের কাতারে নিয়ে আসার বিষয়টি এখনও গবেষণার পর্যায়েই রয়ে গেছে। সেই গবেষণার একটি ধাপে এসে একদল গবেষক জানিয়েছেন, প্রচলিত ডিজিটাল ক্যামেরা ছাড়াই তৈরি করা যাবে ত্রিমাত্রিক ছবি। তারা এমন এক ধরনের ডিটেক্টর ব্যবহার করেছেন, যাতে আলোর উপস্থিতি সনাক্ত করতে একটিমাত্র পিক্সেল রয়েছে। ডিজিটাল ক্যামেরাগুলোতে লক্ষ লক্ষ পিক্সেল ব্যবহার করে ছবি তৈরি করা হলেও এই ডিভাইসটি এই একটি পিক্সেল ব্যবহার করেই ছবি তৈরি করতে সক্ষম। আর এটি দৃশ্যমান আলোর তরঙ্গের বাইরের তরঙ্গও সনাক্ত করতে সক্ষম। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমির একদল গবেষক উদ্ভাবন করেছেন এই প্রযুক্তি। এই প্রযুক্তিতে একটি ডাটা প্রজেক্টর থেকে আসা আলো সনাক্ত করার জন্য চারটি ভিন্ন ভিন্ন অবস্থানে চারটি একক-পিক্সেল সনাক্তকরণ ডিভাইস ব্যবহার করা হয়। ক্রসওয়ার্ড পাজলের মতোই এখান থেকে দ্রুত আলোর উপস্থিতি সনাক্ত করা হয়। এখান থেকেও আলোর প্রতিফলন হয় এবং সেটি সনাক্ত করা হয়। এগুলোর সম্মিলিত রূপ হিসেবেই একটি ত্রিমাত্রিক ছবি তৈরি হবে বলেই জানিয়েছেন গবেষণার প্রধান অধ্যাপক মাইলস প্যাগেট। তিনি জানিয়েছেন, প্রচলিত যেসব পদ্ধতি ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়, তার চাইতে এই পদ্ধতিতে ত্রিমাত্রিক ছবি তৈরি করতে খরচ অনেক কম। তাছাড়া দৃশ্যমান আলোক তরঙ্গের বাইরের আলোক তরঙ্গ সনাক্ত করতে পারে বলে চিকিত্সা শাস্ত্র বা ভূগোলের বিভিন্ন ক্ষেত্রেও একে ব্যবহার করা যাবে। ফলে প্রচলিত ক্যামেরা সিস্টেমগুলোর চাইতে এই সিস্টেম অনেক বেশি কার্যকরী এবং সাশ্রয়ী হয়ে উঠবে বলেই আশাবাদী গবেষকরা।