স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এবং গ্রামীনফোন যৌথভাবে দেশের বাজারে অবমুক্ত করেছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এস৪। এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরো প্রাণবন্ত করে তোলার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার এস এইচ সং, হেড অফ মোবাইল হাসান মেহদী, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ট্রান্সকম মোবাইলের সিওও আরশাদ হক এবং গ্রামীনফোনের প্রোডাক্ট এবং কমার্শিয়াল হেড ও ডিরেক্টর মাইকেল ম্যালভেবো। অনুষ্ঠানে জানানো হয়, ব্যবহারকারীদের সুবিধার্থে বাংলাদেশে এই প্রথমবারের মতো স্যামসাং ও গ্রামীনফোনের যৌথ উদ্যোগে এই ফোনটি ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৪ মাসের সমান কিস্তিতে ক্রয়ের সুবিধা পাবেন ক্রেতারা। দেশের বাজারে এই ফোনটির মূল্য রাখা হয়েছে ৬৭,৫০০ টাকা। কিস্তি সুবিধায় প্রতিমাসে ২,৮১০ টাকা প্রদান করেই কেনা যাবে এস৪। ১৩০ গ্রাম ওজন এবং ৭.৯ মিমি পুরুত্বের এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ৪.২.২ এবং ১.৬ গিগাহার্জ অক্টা কোর প্রসেসরের এই ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক মিস্ট এবং হোয়াইট ফ্রস্ট দুটি রঙে।
