গেম তৈরিতে বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠানের নাম ইএ গেমস। পিসি এবং সব ধরনের গেম কনসোলের জন্যই ইএ গেমস এতদিন তৈরি করে এসেছে জনপ্রিয় সব গেম। তবে নিনটেনডো’র কনসোল ‘উই ইউ’-এর জন্য তারা আর গেম তৈরি করবে না বলেই জানিয়েছে। নিনটেনডো’র গেমিং পার্টনার হিসেবে ইএ গেম এতদিন গেম তৈরি করলেও বর্তমানে তাদের কোনো গেম তৈরির পরিকল্পনা নেই নিনটেনডো’র জন্য। আর নিকট ভবিষ্যতেও এমন কোনো প্রকল্প নেওয়ার নেই তাদের। এদিকে ইএ গেমসের এই ঘোষণা নিনটেনডো’র জন্য বড় একটি দুঃসংবাদ হিসেবেই দেখা হচ্ছে। কেননা, সম্প্রতি নিনটেনডো জানিয়েছে, তাদের উই ইউ-এর জন্য তৈরি গেমগুলো আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে বাজারে। ইএ গেমসের নতুন কোনো গেম তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে সাহায্য করত বলেই ধারণা বিশেষজ্ঞদের। এই কনসোলটি বাজারে আসার পর থেকে এর জন্য ম্যাস ইফেক্ট ৩, ফিফা ১৩ এবং এনএফএস মোস্ট ওয়ান্টেডের মতো গেম তৈরি করেছে ইএ গেমস। তারা আর নতুন কোনো গেম এই কনসোলের জন্য তৈরি না করলে সেটা এর বাজারকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে গেম তৈরি বন্ধের ঘোষণা দিলেও এর কারণ সম্পর্কে কিছু জানায়নি ইএ গেমস।
