মৌসুমের শুরুতে আলুর মূল্য বেশি হলেও এখন আলুর বাজারে ধস নেমেছে। বাজারে এখন গ্যানোলা জাতের আলু মণ প্রতি আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে সর্বোচ্চ ১৪০ টাকায়। অথচ মৌসুমের শুরুতে এই আলুই বিক্রি হয়েছে ৮’শ থেকে হাজার টাকা মণ দরে।
জেলার ১৬টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা ১ লাখ ১০ হাজার মেট্রিক টন। বাজারে প্রয়োজনীয় কৃষি উপকরণের মূল্য বেশি হলেও আমন ধানের লোকসান পোষাতে এবার জেলায় কৃষকরা অধিক পরিমাণ জমিতে আলু চাষে মনযোগ হয়। পাশাপাশি অনুকুল আবহাওয়ায় ফলনও হয়েছে বাম্পার।
বেশী হওয়ায় কৃষকদের ধারণা ছিল লাভ না হলেও অন্তত আলুতে তাদের লোকসান গুনতে হবে না। কিন্তু বিগত প্রায় দুই মাস ধরে ঘন ঘন হরতালে আলুর দাম কমতে থাকে। এ অবস্থায় কেউ কেউ অধিক লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণের সিদ্ধান্ত নিলেও স্থান সংকুলান না হওয়ায় অনেক কৃষকেরই সেখানে ঠাঁই মেলেনি। ফলে প্রচন্ড গরমে বাড়িতে সংরক্ষণ করা আলুতে পচন দেখা দিলে বেকায়দায় পড়ে কৃষকরা। বাধ্য হয়ে অনেক কৃষক প্রয়োজনের তাগিদে ১১০ থেকে ১৩০ টাকা মণ দরে আলু বিক্রি করছেন।
কালাই উপজেলার করিমপুর গ্রামের কৃষক গাজিউল হক বলেন, দাম কম থাকায় তিনি এখনও তিন’শ মণ আলু বিক্রি করতে পারেননি।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক দেলবর হোসেন ক্রমান্বয়ে আলুর মূল্য পতনের কথা স্বীকার করলেও কৃষকরা লোকসান গুনছেন এমন কথা মানতে নারাজ। তিনি বলেন, মৌসুমের শুরুতে প্রতিটি কৃষক আলুতে এ বছর বাম্পার মুনাফা করেছে। বর্তমান সময়ে এই লাভ কমে গেলেও এ অবস্থা বেশীদিন থাকবে না। মুনাফা লাভের জন্য তিনি কৃষকদের স্থানীয় পদ্ধতিতে বাড়িতে আলু সংরক্ষণ করার পরামর্শ দেন।
