মহাসেনের তাণ্ডবে গলাচিপার পান চাষিরা সর্বস্বান্ত

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৫
পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে পান চাষিরা সর্বস্বান্ত হয়ে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় তিন হাজার পান চাষি রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার পানের বরজ মহাসেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা বলে ভুক্তভোগীরা জানান। উপজেলা সদর, ডাকুয়া, রতনদিতালতলী ,চিকনিকান্দি, পানপট্টি, গোলখালী, আমখোলা, গজালিয়াসহ প্রায় সব ইউনিয়নে পান চাষ হয়ে থাকে। ক্ষুদ্র প্রান্তিক কৃষকরাই বেশী পানের চাষ করে। ডাকুয়া ইনিয়নের ইউপি সদস্য মতলেব গাজী জানান, তার ৪০ শতক জমিতে ১৬ কুড়ি পানের বরজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আটখালী গ্রামের পান চাষি শাহাবুদ্দিন, হালেম বিশ্বাসসহ অনেকেই জানান, তাদের উপার্জনের সবটুকু ব্যয় করে পান চাষ করেছে। ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে তারা সর্বস্বান্ত হয়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পানের বরজের ক্ষতির সঠিক হিসাব উপজেলা প্রশাসনের জানা নেই। তাণ্ডবের দু’দিন পরও পানি বন্দী ৫০ হাজার মানুষ বামনা (বরগুনা) সংবাদদাতা জানান, মহাসেনের তাণ্ডবে বরগুনার বামনা উপজেলার চার ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতিসহ প্রচুর গাছপালা উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছে। ফসলের মাঠ ৭/৮ ফুট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। ঘূর্ণিঝড় ‘মহাসেনের’ আঘাতে বামনা উপজেলায় কাঁচা ঘরবাড়ি, গাছপালা এবং টিনের তৈরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় সব পুকুর ডুবে যাওয়ায় মাছ চাষের ক্ষতি বর্ণনাতীত। আবদ্ধ পানি অবিলম্বে সরানো সম্ভব না হলে পরবর্তী চাষাবাদ বিঘ্নিত হবে। এ কারণে বামনা উপজেলার সমগ্র এলাকার মাঠের পানি সরাতে না পারলে আগামী মৌসুমে আদৌ কোন ফসল উত্পাদন করা সম্ভব হবে না। বিশেষ করে বামনা পুরাতন বাজারের নিকট স্লুইজ গেট সংলগ্ন অস্থায়ী বাঁধের ফলে বুকাবুনিয়া ও বামনা ইউনিয়নাধীন ব্যাপক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বামনা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় উপজেলায় চার ইউনিয়নে ১০২ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে ৩ জন, আহত ১৬৪ জন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা লক্ষাধিক। শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত ৩টি, আংশিক বিধ্বস্ত ২৫টি, কলেজ বিধ্বস্ত ২টি, ২৫টি মসজিদ এবং ৭টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ বর্গকিলোমিটার, কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ বর্গকিলোমিটার। বেড়িবাঁধ ধ্বংসপ্রাপ্ত হয়েছে ১১ বর্গকিলোমিটার। মাছের নৌকা ও ট্রলার তলিয়ে গেছে ৫০টি। ২হাজার ২০৭ হেক্টর জমির আউশ বিজতলা, রোপা আউশ, ডাল, মরিচ ও গ্রীষ্মকালীন সবজির ক্ষেত ৮ ফুট পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা বন্ধ রয়েছে। বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এলাকা ঘুরে দেখেছেন। উপজেলা চেয়ারম্যান বলেন, জলাবদ্ধ পানি দ্রুত সরাতে না পারলে বামনায় খাদ্যাভাব দেখা দেবে এবং মানুষ কর্মহীন হয়ে পড়বে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, পানি উন্নয়ন বোর্ডকে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে। মহাসেনের আঘাতে বামনায় তিনজন প্রাণ হারালেও হাজার হাজার মানুষ এখনো ধুকছে।