ডোমার-নীলফামারী সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৬
বহুল প্রতীক্ষিত ডোমার-নীলফামারী সড়কের কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিল ডোমারবাসী। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতি এলাকাবাসী ক্ষুব্ধ। এক বছর মেয়াদে গৃহীত প্রকল্পের অর্ধেক সময় অতিবাহিত হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ হতে ৪০ ভাগ। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব। গত বছরের ৪ মে আকস্মিক নীলফামারী-ডোমার সড়ক পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময়ে সড়কের দুরবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনাস্থল থেকেই দ্রুত সংস্কারের নির্দেশ দেন সংশ্লি¬ষ্টদের। সূত্র মতে, পিরিওডিক মেইনটেনেন্স প্রোগ্রামে পিএমপি এর আওতায় প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে গত বছরের ৯ অক্টোবর কার্যাদেশ দেয়া হয় ঢাকার ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। চুক্তির শর্ত অনুযায়ী চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ হবার কথা। নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার জানান, সড়কটির দুরবস্থায় মানুষের হয়রানির পাশাপাশি এর প্রভাব পড়েছে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও। যানবাহন চলাচলের অযোগ্য ওই সড়কে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের বাড়তি খরচ গুণতে হচ্ছে।