হালুয়াঘাটে পিটিয়ে ছাত্র হত্যা

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৬
হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে ক্রিকেট খেলার সময় স্ট্যাম দিয়ে পিটিয়ে শাহীন নামের এক চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, জয়রামকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র জয়রামকুড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শাহীন (১১) শুক্রবার বিকালে ঐ স্কুল মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র রাশিদুল ইসলাম (১৯) স্ট্যাম দিয়ে শাহীনের মাথায় আঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় শাহীনকে জয়রামকুড়া হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ইভটিজারের ছয় মাসের কারাদণ্ড গতকাল শনিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার পূর্ব ধুরাইল বাজারের নূরুল ইসলামের বখাটে পুত্র রুবেলকে (২০) ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে ঐ বখাটে দীর্ঘদিন যাবত্ উত্ত্যক্ত করে আসছিল। পরে তার পিতা ঐ বখাটের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় অভিযোগ করলে বখাটে রুবেলকে পুলিশ আটক করে। পরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভুঁইয়া রুবেলকে কারাদণ্ড প্রদান করে।