গত শুক্রবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ছাগলে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া এলাকার সাদা শেখের ছাগল পার্শ্ববর্তী চন্দনপুর এলাকার কৃষক হযরত আলীর বপনকৃত পাট খায়। এ কারণে উভয় পক্ষ প্রথমে বাক-বিতণ্ডার পরে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে হযরত আলীর পক্ষ নিয়ে চন্দনপুর এলাকার ফুরকান আলীর পুত্র মাসুদের (৩৫) নেতৃত্বে লোকজন এসে ছাগল মালিক সাদা শেখের পুত্র আল আমিনকে (১৮) পিটুনি শুরু করে। এ সময় ডাকপাড়া এলাকার লোকজন তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে ডাকপাড়া এলাকার বাসিন্দা ভেলু শেখের পুত্র বদি শেখ (৫৫) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় আল আমিন, মুক্তা, সাইফুল, হামিদা, জয়নাল নামে ৭জন আহত হয়।
