বিলাইছড়ি হাসপাতালে বিদ্যুত্ নেই ৩ সপ্তাহ

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৭
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হওয়ার ৩ সপ্তাহ পার হয়ে গেলেও সচল ট্রান্সফরমার সংযোজন করেনি বিদ্যুত্ বিভাগ। ফলে গত ২৬ এপ্রিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুতের অভাবে রোগী, চিকিত্সক, হেলথ স্টাফ ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাটিতে বিদ্যুত্ না থাকায় ইতিপূর্বে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ট্রান্সফরমারটি সচল করেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নীতিশ চাকমা জানান, ৩ সপ্তাহ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুত্ না থাকায় অনেক কষ্টে আছি, ইতিপূর্বে পিডিবি’র আবাসিক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে এবং যোগাযোগ করার পরও কবে নাগাদ বিদ্যুত্ দিবে তা সুনির্দিষ্ট নয়। কিন্তু এখনো বিদ্যুত্ সরবরাহ না হওয়া প্রসঙ্গে আবাসিক প্রকৌশলী জানান, বিদ্যুত্ লাইনে সমস্যা আর ট্রান্সফরমারটি এখনো মেরামত না হওয়ায় বিদ্যুত্ লাইন দেয়া সম্ভব হয়নি। নতুন ট্রান্সফরমার পেলে ওটি বসানো হবে আর পুরনোটির ক্যাপাসিটি কম এবং ভাল চলবে এমন নিশ্চয়তা নেই বলে আবাসিক প্রকৌশলী জানিয়েছেন। ইউএনও জানান, জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সচল ট্রান্সফরমার স্থাপনপূর্বক বিদ্যুত্ লাইন সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অফিসিয়াল চিঠি দেয়া হয়েছে।