কমলগঞ্জে নদী ভাঙ্গন রোধে উদ্যোগ নেই

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৮
‘দাদা আমি তো শেষ, ঘরের চিমনী চুলা ভেঙ্গে ফেলছি। ধলাই নদীর বাঁধ ধসে পড়ছে। যেকোন সময়ে পাকা ঘরের দেয়াল ধসে পড়তে পারে। গত ১০ বছরে শতাধিক ঘর বিলীন হয়েছে।’ কমলগঞ্জের চৈতন্যগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার দাস ক্ষোভের সাথে একথাগুলো বলছিলেন। ভারত থেকে শুরু হওয়া ধলাই নদীর ভাঙ্গনে ফি বছর নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়ি-ঘর ও ফসলি জমি। বাড়ি-ঘর ও ফসলি জমি রক্ষায় ধলাই নদীর ভাঙ্গন রোধে প্রতিরক্ষা বাঁধ মেরামতে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদী তীরবর্তী মানুষ ও গ্রামের কৃষকরা। সরেজমিন ঘুরে দেখা যায়, কয়েক দিনের ভারি বর্ষণে ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ী ঢলের পানিতে কমলগঞ্জে নারায়ণপুর ও চৈতন্যগঞ্জ গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ব্যাপকহারে ভাঙ্গন শুরু হয়। ধলাই নদীর উত্পত্তি স্থল ভারত থেকে হলেও সম্পূর্ণ আঁকা-বাঁকা থাকায় নদীর একূল ভেঙ্গে সেকূল গড়ছে। কমলগঞ্জ সদর ইউনিয়নের এই দু’টি গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত না হওয়ায় ধসে পড়ছে বাঁধ। চৈতন্যগঞ্জ গ্রামের নিমাই দাস, ইয়াজ উল্লাহ ও সেলিম আহমদ বলেন, ‘দুই বছর আগের ধলাই নদীর ভাঙ্গা বাঁধ নিয়ে আমরা যুদ্ধ করে বেঁচে আছি। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসন থেকে কেউ বাঁধ মেরামত করেননি। এই এলাকার এমপি চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ কয়েক মাস আগে সরেজমিন দেখে গেলেও বাঁধ মেরামতে কারো গরজ নেই। একটু বৃষ্টি হলেই নদী ভরাট হয়ে পানি বেরিয়ে সব তলিয়ে যায়।’ কমলগঞ্জের সমাজ সেবক আব্দুল হান্নান চিনু বলেন, প্রতি বছর বন্যার পর বাঁধ মেরামতের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, তাদের হিসাবে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১৬টি স্থান ঝুঁকিপূর্ণ।