ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার সকালে স্থানীয় এক জনপ্রতিনিধির মদদে সন্ত্রাসীরা ওই মাঠ দখল করে ঘর নির্মাণ করে। ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয়টি একটি সুপরিচিত বিদ্যাপীঠ। শহরের ১২ নং ওয়ার্ডে সেটি অবস্থিত। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। ওই বিদ্যালয়ের সামনে বাংলাদেশ রেলওয়ের পরিত্যক্ত জমিটি বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত্ খেলার মাঠ হিসাবে ব্যবহার করছে। এদিকে শনিবার স্থানীয় এক জনপ্রতিনিধির পরোক্ষ মদদে কিছু লোকজন দলবল নিয়ে ওই মাঠ দখল করে ঘর নির্মাণ করে। পরে এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা একত্রিত হয়ে সন্ত্রাসীদের হটিয়ে দিয়ে খেলার মাঠটি পুনরায় নিজ দখলে নেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌর মেয়র এসএমএ মঈন জানান, তিনি ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখলের কথা শুনেছেন।
