নাসিরনগর হাসপাতালে ডাক্তার না আসার প্রতিবাদে হৈ চৈ

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:০০
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চলছে। ডাক্তারদের অনুপস্থিতি ও অবহেলায় হতদরিদ্র রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অনুপস্থিতির প্রতিবাদে আগত রোগীরা হৈ-চৈ শুরু করেন। পরে আগত রোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মূসা খানকে অবগত করলে তিনি রোগীদেরকে চিকিত্সা দেয়া বিষয়টি নিশ্চিত করলে রোগীরা শান্ত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ৯ জন ডাক্তারের মধ্যে উপস্থিত রয়েছে মাত্র ৪ জন। তাই আগত রোগীদের অনেকেই চিকিত্সা না পেয়ে বাড়িতে চলে যাচ্ছে। এ ব্যাপারে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ জিয়াউল ইসলাম সেলিম জানান, ৯ জনের মধ্যে ৪ জন ডাক্তার আছি। আমরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছি। ভুক্তভোগী এলাকাবাসী ও একাধিক সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিত্সক ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে সপ্তাহে ২ দিন মাত্র রোগী দেখার নাম করে হাসপাতালে হাজিরা দেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মূসা খান জানান, তাদের অনুপস্থিতির বিষয়ে সিভিল সার্জন অবগত রয়েছেন। একটি সূত্র জানায়, সিভিল সার্জন ৩ জন ডাক্তার প্রায়ই অনুপস্থিত থাকায় তাদেরকে একাধিকবার শোকজ করেছে। এতেও কোন কর্ণপাত করেনি।