টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জের ধরে বাছিরন বেগম (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হাত পা বেঁধে রুলীপাড়া যমুনা নদীতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে বাছিরনের শ্বশুর সমেশ মিয়াকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শুক্রবার রাতে বাছিরনের লাশ উদ্ধার করে পুলিশ। বাছিরন বেগম উপজেলার গাবসারা ইউনিয়নের চরবিহারী গ্রামের মাহমুদ মিয়ার স্ত্রী। এ ঘটনায় বাছিরনের পিতা বাদশা প্রামাণিক শুক্রবার রাতে বাদি হয়ে মেয়ের জামাতা মাহমুদ মিয়া, শ্বশুর সমেশ মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শ্বশুর সমেশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার স্বামী মাহমুদ মিয়াসহ অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
