ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখের আয়োজন করে উপজেলা সদরের ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুল। গত শনিবার হার্ডিঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, দি একমি ল্যাব. লি.-এর নির্বাহী পরিচালক, শিক্ষানুরাগী হাসিবুর রহমান কাশেমের পৃষ্ঠপোষকতা, সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হার্ডিঞ্জ হাইস্কুল সর্বোচ্চ সংখ্যক (৮৭ জন) গ্রেড এ+, ২৩৬ জন গ্রেড ‘এ’ এবং ৬৪ জন গ্রেড ‘এ-’ পেয়ে শীর্ষস্থান অধিকারের গৌরব অর্জন করতে সক্ষম হয়
পীরগঞ্জে শিক্ষকের সংবর্ধনা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত ১৭ মে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েলকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষাপদক’ প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহম্মদ।
চাটখিলে প্রাইম ব্যাংকের চক্ষুশিবির
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ প্রাইম ব্যাংক লিমিটেড চাটখিল শাখার উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী স্থানীয় ভীমপুর হাইস্কুলে বিনামূল্যে চক্ষুশিবিরে পাঁচ শতাধিক রোগিকে চিকিত্সাসেবা দেয়া হয়। এ উপলক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপক উত্তম কুমার হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী।
বটিয়াঘাটায় নারী উন্নয়ন ফোরাম গঠন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ বটিয়াঘাটায় নারী উন্নয়ন ফোরাম গঠন উপলক্ষে সম্প্রতি এক সভা স্থানীয় বিআরডিবি মিলনায়তনে অনুুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদারের সভাপতিত্বে ভগবতী গোলদারকে সভানেত্রী, মর্জিনা বেগমকে সহ-সভানেত্রী, রেহেনা আফরোজ জোছনা সম্পাদিকা ও শিউলি মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ৯ সদস্যবিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।
নাগরপুরে ছাত্রনেতার সংবর্ধনা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গত শুক্রবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাকে গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি।
রামুতে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ায় প্রার্থনা
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ মহাসেন দুর্যোগ কবল থেকে রক্ষা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে শুক্রবার জুমার নামাজের পর রামুর সকল মসজিদে শুকরানা ও দেশের বিভিন্ন স্থানে দুর্যোগে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি মন্দির, প্যাগোডায় প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপি কার্যালয় সম্মুখে শুক্রবার সকালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে যোগদান করে। করপাড়া ইউপির ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সম্পাদক রুবেল হোসেন বাবুল, যুবদল নেতা আরিফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা করপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিবের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
মিঠাপুকুরে মহিলা গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে এক মহিলা গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ধৃত ঐ মহিলাকে র্যাব গ্রেফতার করে। জানা যায়, ধৃত মহিলা উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাঘা রশিদের স্ত্রী জাহেদা বেগম (৪০)।
চৌমুহনীতে বুলুর মুক্তি দাবীতে বিক্ষোভ
চৌমুহনী সংবাদদাতা \ বিএনপির যুগ্ন মহাসচিব ও নোয়াখালী -৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকতউল্য বুলুর মুক্তি দাবীতে শনিবার চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।শনিবার সকালে বেগমগঞ্জ বিএনপির সভাপতি এডভোকেট অবদুর রহিম, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, রুস্তম আলীর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে একটি সমাবেশ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। ‘নিরাপদ মত প্রকাশে মুক্ত গণমাধ্যম’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও এসডিসির সহযোগিতায় জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা এলজিজেএফের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী।
পূর্বধলার জগত্মণি হাই স্কুলে শিক্ষার্থী সংবর্ধনা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার প্রাচীনতম বিদ্যালয় জগত্মণি পাইলট উচ্চ বিদ্যালয়ে পর পর দু’বার এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কৃত করা হয়। গতকাল জগত্মণি বিদ্যালয় ভবনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি পুরস্কার বিতরণ ও মূল বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
রামগঞ্জে উপবৃত্তি প্রদান শীর্ষক সেমিনার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি প্রদান শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবীর উদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকম রুহুল আমিন, ইউএনও ফাতেমা তুল জান্নাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরবিন্দু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাহার প্রমুখ।
ধামইরহাটে জাতীয় পার্টির কর্মী সম্মেলন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা জাপার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা জাপার সভাপতি এ্যাডঃ তোফাজ্জল হোসেন।
কবি নজরুল স্কুল এন্ড কলেজ ধন্যবাদ জ্ঞাপন সভা
আড়াইহাজার (না’গঞ্জ) সংবাদদাতা \ উপজেলার খাগকান্দা ইউনিয়নের কবি নজরুল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে এবারের ফলাফলে শতভাগ পাস করায় শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেঘনার কড়াল গ্রাসে স্কুলটিকে পুনঃ পুনঃ ভাঙ্গনের মোকাবিলা করতে হলেও ইটনায় সাফল্যে শোকরিয়া আদায় করা হয়। সভায় স্কুল থেকে কলেজে উন্নীতকরণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এডভোকেট ইকবাল পারভেজ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান হয়।
বাহরাইনে বিদ্যুত্স্পৃষ্টে বানিয়াচংয়ের যুবক নিহত
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ জীবিকার সন্ধানে বাহরাইন গিয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বানিয়াচংয়ের যুবক রুহুল আমীন। বৃহস্পতিবার রাতে একটি কোম্পানির বিদ্যুত্ সার্কিটে কাজ করার সময় ঘটনাস্থলেই রুহুল মারা যান। সে উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের মৃত আবদুল মন্নাফ মিয়ার ছেলে। সারাবাড়িতে বইছে শোকের মাতম।
মৌলভীবাজারে শিক্ষা প্রচারাভিযান এ্যাডভোকেসী
মৌলভীবাজার প্রতিনিধি \ গতকাল শনিবার মৌলভীবাজার সিভিল সার্জন সম্মেলন কক্ষে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজারের আয়োজনে এবং পরিপ্রেক্ষিত কনসাল্টিং ফার্ম ঢাকার সহযোগিতায় মাদকাসক্তি প্রতিরোধে দেশব্যাপী স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযান উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান।
মহেশপুর সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদাতা \ গতকাল শনিবার আরডিসির উদ্যোগে ফতেপুর শিশুতলা বাজার আরডিসি অফিসে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
করিমগঞ্জে শ্মশানের গম আত্মসাতের অভিযোগ
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ ভুয়া প্রকল্প দেখিয়ে করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া শ্মশানঘাট সংস্কারের জন্য বরাদ্দকৃত একটন গম আত্মসাত্ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শ্মশানঘাট কমিটির সভাপতি করিমগঞ্জের ইউএনও এই প্রকল্প সম্পর্কে অবহিত নন বলে জানান। এলাকাবাসীরা এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের জন্য ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ পেশ করেছেন।
সৈয়দপুরে দুইদিনব্যাপী চক্ষু শিবির
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুইদিনব্যাপী চক্ষু শিবির আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে। বারডেম হাসপাতালের সহযোগিতায় ওই চক্ষু শিবির সমিতির সৈয়দপুর পৌরসভাস্থ ক্লিনিকে অনুষ্ঠিত হবে। আগ্রহী রোগীদের আজ ১৯ মে’র মধ্যে সিরিয়াল নিতে বলা হয়েছে। প্রয়োজনে-০১৭১২৪০৬৯৬৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কয়রায় দুস্থ পরিবারের মাঝে নৌকা বিতরণ
কয়রা(খুলনা) সংবাদদাতা \ শেয়ার কমিউনিনিটি হেলথ এ্যান্ড ডেভলপমেন্ট সংস্থার উদ্যোগে কয়রা উপজেলার কয়রা সদর ও উত্তরবেদকাশী ইউনিয়নের বাঘের আক্রমণে নিহত ও আহত অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ২০টি নৌকা বিতরণ করা হয়। গতকাল সংস্থার কয়রা কার্যালয়ে নৌকা বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান, বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।
রামগতিতে ভূমিহীনদের সাংস্কৃতিক পদযাত্রা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভূমিহীনরা দুইদিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা গতকাল শনিবার থেকে শুরু করেছেন। মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রামগতিকে রক্ষা, নদীভাঙ্গা মানুষের পুনর্বাসন ও খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে ওই পদযাত্রার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’ সংগঠিত রামগতি আঞ্চলিক ভূমিহীন সমিতি ওই পদযাত্রার আয়োজন করে।
আলীকদম উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ কথিত পাহাড় কাটার অভিযোগে উপজেলা প্রশাসনের দায়ের করা মামলায় জামিন লাভের পর বান্দরবানের আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালামকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন গণসংবর্ধনা দিয়েছে। আলীকদম প্রেসক্লাব চত্বরে গত শুক্রবার বিকেলে গণসংবর্ধনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাশুক আহমদ।
রায়পুরে গুণীজন ও শিক্ষার্থী সংবর্ধনা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ শনিবার রায়পুর উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গুণী ব্যক্তি, রত্নগর্ভা মা এবং এসএসসি, দাখিল, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন: রায়পুরের কৃতি সন্তান রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল (অবঃ) নুরুন নবী, উত্তর চরবংশী গ্রামের রত্নগর্ভা মা ফখরুন্নেছা, কাজীর দিঘীরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেব রঞ্জন শর্ম্মাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬জন শিক্ষক-কর্মচারী ও জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থী।
আলফাডাঙ্গায় অনুদান পেল নিহত ২ পুলিশের পরিবার
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ হেফাজতে ইসলামের মহাসমাবেশে শান্তি-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত গোপালগঞ্জ ও ফরিদপুরের ২ পুলিশ সদস্য নারায়ণগঞ্জের কাঁচপুরে দুর্বৃত্তদের হাতে গত ৬ মে নিহত হয়। এ ঘটনায় গত ১৭ মে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা হলরুমে এক নাগরিক শোকসভায় ঢাকা বিভাগের রেঞ্জ ডিআইজি এস.এম মাহ্ফুজুল হক নুরুজ্জামান বিপিএম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ পুলিশ সদস্য পরিবারকে ৮ লাখ ৩ হাজার ৫শ’ টাকা করে পুলিশ পরিবারের পক্ষ থেকে অনুদান প্রদান করেন।
জীবননগরে বিজিবির প্রতিরোধে ডাকাতদলের পলায়ন
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিজিবির প্রতিরোধের মুখে ডাকাতি করতে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে ডাকাতদল। শুক্রবার রাতে ঝড়ের সময় পাওয়ার টিলারে ৭/৮জনের সশস্ত্র ডাকাতদল মৃগমারী গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পরিবারের সকলকে জিম্মি করে গোয়ালঘর হতে গরুসহ ঘর হতে মূল্যবান মালামাল ডাকাতি করার চেষ্টা করে। খবর পেয়ে উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যায়।
বেনাপোল পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল পৌরসভা উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় পৌরসভার মাস্টার প্ল্যান্ উন্মুক্তকরণ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বেনাপোল পর্যটন মোটেলে। সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সালমা শফি।
বাউফলে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা \ চলতি বছর এসএসসি পাস করা এক ছাত্রীর (১৫) শুক্রবার বাদ জুমা বিয়ে অনুষ্ঠান ছিল। বর পক্ষও উপস্থিত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ওই বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয় পুলিশ। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার সত্যতা স্বীকার করেন।
