আমার মা অনেক ভালো জানো!
মিষ্টি সুরে গাইতে পারে ঘুমপাড়ানি গানও।
আমার মা খায় বাটার পানও
আমার জন্য উজাড় করে দেয় সে নিজের জানও।
আমার মা আদর করে আমায়
রঙিন সুতোয় ফুল তুলে দেয় আমার নতুন জামায়।
আমার মা কান্না আমার থামায়
চলার পথে আলতো করে হাতটি ধরে নামায়।
আমার মায়ের মুক্তোঝরা হাসি
সবার চেয়ে আমি আমার মাকে ভালোবাসি।
আমার মায়ের চোখের জলরাশি
দেখতে পেলে দূর থেকে তাঁর কাছে ছুটে আসি।
আমার মায়ের চাঁদের মতো মুখ
মায়ের আঁচলতলে আমার এক পৃথিবী সুখ।
আমার মায়ের আকাশসম বুক
সোহাগ মাখা পরশ পেতে মন থাকে উন্মুখ।
আমার মা ঝুমকো কানের দুল
তাঁর মমতায় মাতোয়ারা মন করে আকুল।
আমার মা গোলাপ জবা ফুল
মায়ের সাথে এই জগতে হয় না কিছুর তুল।
