লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা মেঘনার ভাঙনের ফলে নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। ৯টি ইউনিয়নের মধ্যে চরকালকিনি, চরমার্টিন, সাহেবের হাট, চরফলকন, পাটওয়ারী হাট ইউনিয়নের অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
মূলত ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র বরাকসহ ৫৪টি নদী নেপাল ও সিকিম থেকে ১টি করে ২টি, মোট ৫৬টি নদীর প্রবাহ মেঘনা নাম ধারণ করে এ উপকূল ঘেঁষে বঙ্গোপসাগরে পড়েছে। প্রতিবছর লাখ-লাখ টন পলি উজান থেকে এসে এ মোহনায় জমা হয়। ভরাট হয়ে গেছে নদীর মূল চ্যানেল, জেগে উঠেছে অসংখ্য ঢেগাচর-ডুবোচর। পানির সঠিক প্রবাহ না থাকায় প্রতিবছরই ভাঙন তীব্র হচ্ছে।
