‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৩৪
কালের বিবর্তনে কম্পিউটারের কাছে হার মেনেছে টাইপরাইটার। স্বাধীনতা যুদ্ধের পর বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মাধু সিনেমা হলের পাশে সপ্তপদী মার্কেট ও কোর্ট এলাকায় টাইপ মেশিনের কাজ বেশ জমজমাটভাবে চলতো। কম্পিউটার কেনার মতো সামর্থ্য না থাকায় হাতেগোনা ২/৩ জন টাইপিষ্ট এখনও এ পেশা ছাড়তে পারেনি। তাই এরা সপ্তপদী মার্কেটের দোতলায় এখনও টাইপের কাজ করে কোনমতে জীবিকা নির্বাহ করছেন। টাইপিষ্ট মোজাম্মেল জানান, সে সময় সপ্তপদী মার্কেটে তিনিসহ ২০/২৫ জন টাইপিষ্টের মধ্যে নামকরা ছিলেন বগুড়া শহরের আওলাদ হোসেন, আসাদুজ্জামান, মোজাফ্ফর হোসেন, আব্দুল খালেক, নশরত্পুরের ইয়াছিন আলী, গাবতলীর আনছার আলী। আলোচ্য টাইপিষ্ট মোজাম্মেলের বাড়ি বগুড়ার কাহালু পৌর এলাকার উলট্ট মধ্যপাড়া গ্রামে। বয়স এখন তার ৭৬ বছর। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি এ পেশায় নিয়োজিত আছেন। মোজাম্মেল জানান- আগে টাইপের কাজ করে দিনে ৪/৫শ’ টাকা আয় হতো কিন্তু কম্পিউটার নামক মেশিনটির প্রসারে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। কোন কোন দিন বগুড়া থেকে কাহালু যাবার জন্য গাড়ি ভাড়া দেয়ার মতো টাকারও কাজ হয় না।