ইটভাটার ধোঁয়ায় কবলে আম বাগান

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৪
ইটভাটার বিষাক্ত ধোঁয়া আর মাত্রাতিরিক্ত তাপে ধ্বংস হতে বসেছে নবাবগঞ্জের সম্ভাবনাময় আম চাষ। দুইটি ইটভাটার ধোঁয়া ও তাপের কারণে এ বছর প্রায় ২০০ হেক্টর জমির আম বাগানের ১৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন জাতের ৬৫ হাজার মণ আম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পচে নষ্ট হয়ে গেছে বলে আম চাষিদের অভিযোগ। ক্ষতিগ্রস্ত আম বাগানের মালিক ও চাষিদের অভিযোগ, ফসলি জমি ও ফলজ বাগানের পাশে ইটভাটা গড়ে ওঠার কারণে তাদেরকে এই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এইসব ইটভাটা বন্ধের জন্য কোন ব্যবস্থা না নেয়ার কারণে বিপুল পরিমাণ আম বাগান ধ্বংস হতে বসেছে। আম বাগান ও আমচাষিরা তাদের বাগান ও ফল রক্ষায় বাগান সংলগ্ন ইটভাটা বন্ধের দাবিতে গত ১৫ মে দিনাজপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে মামুদপুর ইউনিয়নের চকদেয়ানত এলাকায় গিয়ে দেখা যায়, দাউদপুর-ভাদুরিয়া সড়কের উত্তর পাশে পাশাপাশি এমএমবি ও এমআরটি ইটভাটা গড়ে ওঠেছে। ঐ ইটভাটাগুলোর ১০ থেকে ২০ গজের মধ্যেই চারপাশেই রয়েছে বিপুলসংখ্যক আম বাগান। বাগান কিনে নেয়া আমচাষিরা বলেন, লাখ লাখ টাকায় অগ্রিম আম বাগান কিনে নিয়ে আমের পরিচর্যা করতে হয়েছে। মাত্র ১০ থেকে ১৫ দিন পর গাছ থেকে আমগুলো পেড়ে বাজারজাত করতেন। বাগানের আমগুলো গড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতো। কিন্তু ইটভাটার কারণে গাছের অধিকাংশ আমই পচে যাওয়ায় তারা আর্থিকভাবে লোকসানে পড়েছেন। অনেকেই পুঁজি হারিয়ে পথে বসবেন বলে তারা অভিযোগ করেন। চকজোনিদ এলাকার এমএমবি ইটভাটার মালিক সুলতান সালাউদ্দিন বলেন, “আমার ইটভাটার চিমনি ১২২ ফুট উঁচু। বাগানের আমগুলো তার ইটভাটার ধোঁয়ায় নয়, সম্ভবত পার্শ্বে এমআরটি ইটভাটার গ্যাসে পচে যেতে পারে।” এমআরটি ইটভাটার মালিক রহিম বাদশা বলেন, তার ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্সপ্রাপ্ত। প্রশাসনকে ম্যানেজ করে চালানো পার্শ্বে এমএমবি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় আমবাগানগুলোর ক্ষতি হতে পারে। পরিবেশ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক ওসমান গনি বলেন, কৃষি জমি ও ফলজ বাগানের পাশে কোনভাবেই ইটভাটা থাকার কথা নয়।