হাতে লাঠি কাঁধে ঝোলা বগলে ছাতা। হের.. হের.. হুম এ রকম নানা সংকেত। কাজটা খুবই কঠিন। শীত-গ্রীষ্ম, রোদ-বৃষ্টি, ঝড় সবকিছুকে মাথায় নিয়ে বছরের প্রতিটি মুহূর্তে ছুটে চলা। এ দোলা থেকে ও দোলা। ঝাড়-জঙ্গল মাড়িয়ে নিরন্তর পথ চলছে অমরেশ রায়।
তার কাজটা শুয়োর চড়ানো। একান্ত প্রয়োজনে অভাবের তাগিদে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ওদের এ কষ্ট। এরা কাজ করে অন্যের। অমরেশের মত আরও ২/৪ জন তার সঙ্গী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা শুয়োর চড়ায়। সন্ধ্যা যেখানে সেখানেই তারা ড্যারা তুলে রাত কাটায়। পার্শ্ববর্তী দোকান থেকে চাল-ডাল কিনে রান্না করে রাতের খাবার খায়। রাত শেষে সকালের নাস্তা করে আবার শুরু হয় তাদের পথ চলা। সমপ্রতি কথা হয় অমরেশের সাথে। বাড়ি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী এলাকায়। মালিকের বাড়িও একই এলাকায়। তিনি বলেন, শুয়োর নিয়ে দূর-দূরান্ত যেতে হয়। একটি শুয়োরের দলে ৩০০-৪০০ শুয়োর থাকে। তাদের পরিচালনা করা খুবই কঠিন। এজন্য ২/৪ জন সহকারী থাকে। অমরেশের মাসিক বেতন ৫০০০/- টাকা। খাওয়া-দাওয়াও মালিকের। বাকি লোকজনের বেতনও প্রায় সমান। পথে-ঘাটে শুয়োর বিক্রিও হয়। প্রতিটি বড় আকারের শুয়োর ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়।
