ময়মনসিংহের গৌরীপুরে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চলতি ইরি-বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক। জমির ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা। কৃষকদের অভিযোগ: প্রভাবশালী মহল লংকা নদী, বিভিন্ন খাল ভরাট করে পুকুর তৈরি করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চলতি ইরি-বোরা মৌসুমে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় কয়েক হাজার একর জমির ধান জলাবদ্ধতার কারণে নিমজ্জিত হয়ে গেছে।
কয়েক বছর ধরে প্রতি ইরি-বোরো মৌসুমেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। কৃষ্ণপুর গ্রামের আব্বাস আলী জানান, তিনি দেড় একর জমি চাষ করেছিলেন। আধা একর জমির ধান কোন রকমে তুলতে পারলেও এক একর জমির ধান এখনো পানির নিচে নষ্ট হচ্ছে।
