রাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে জিডি

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা দেয়া না হলে হত্যার হুমকিও দেয়া হয়। অন্যদিকে অভিযোগকারী রাবি ছাত্রলীগের সাবেক নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সিনিয়র সহকারী আজিজুল হক ডেভিড হত্যা হুমকির ঘটনায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করতে অপরাগতা প্রকাশ করেন। এ ব্যাপারে আজিজুল হক ডেভিডের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে সে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখন আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি। একই সাথে একজন চাঁদাবাজের জন্য ছাত্রলীগের ঐতিহ্যকে নষ্ট না করার জন্য অনুরোধ করছি। এব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলীর সাথে যোগাযোগ করা হলে চাঁদা দাবির ঘটনাকে সাজানো নাটক বলে উল্লেখ করে বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটিকে ভেঙ্গে দেয়ার জন্য ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথা প্রচারণা চালাচ্ছে।