বিধিলঙ্ঘন করে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান লন্ডনে

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৬
বিধিলঙ্ঘন করে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুহিবুর রহমানের লন্ডনে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার পরিষদের পাঁচ সদস্য জেলা প্রশাসক শহিদুল ইসলামে কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, মুহিবুর রহমান গত ১৪ মে লন্ডনে চলে যান। ছুটিতে যাওয়ার পূর্বে উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০০-এর ধারা ১৫ (২) মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানকে অবগত করার বিধান থাকলেও বিধিলঙ্ঘন করে কাউকে না জানিয়ে তিনি লন্ডনে চলে যান। অভিযোগে স্বাক্ষর করেছেন বিশ্বনাথ (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী ও দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহিদ মিয়া।