মুক্তিপণের টাকা নিতে এসে এক দুর্বৃত্ত আটক

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৭
মুক্তিপণের টাকা নিতে এসে ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ গত শনিবার ধরা পড়েছে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক সদস্য। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের এএসপি গোলাম রুহুল কুদ্দুস-এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানাকে অপহরণের পর ব্রাহ্মণবাড়িয়ায় এস,এ পরিবহন শাখায় মুক্তিপণের টাকা নিতে আসার পর সুমন নামধারী নারায়ণগঞ্জের পুরিন্দা গ্রামের অবনী চন্দ্র দাসের পুত্র হরিদাস চন্দ্র দাস (২২) আটক করে। সে জানায়, এই চক্রের বিদেশি প্রতিনিধি হিসেবে ইরান ও তুরস্কে অবস্থানরত অপর ২ সহযোগী রয়েছে। তারা দুবাই, আবুধাবী প্রভৃতি দেশে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের বেশি বেতন দেয়ার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে আটক রেখে মুক্তিপণ দাবি করে। এই সমস্ত টাকা দেশীয় সহযোগী হরিদাস এস,এ পরিবহনের মাধ্যমে উত্তোলন করে দেশে ও বিদেশে বিভিন্ন সহযোগীদের কাছে প্রেরণ করে। হরিদাস গত ৬ মাসে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা উত্তোলন করে বলে জানায়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে বলে র্যাব-৯ জানায়।