সাতক্ষীরার শ্যামনগরে নকিপুর এইচ সি মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ কোচিং বন্ধ ও অতিরিক্ত ক্লাস নেয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষকের হাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার শ্যামনগরে এইচ সি মাধ্যমিক বিদ্যালয়ে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে স্কুলে কতিপয় সহকারী শিক্ষকদের অবৈধ কোচিং বন্ধের জন্য অনুরোধ করা হয়। অবৈধ কোচিং-এর কারণে অনেক শিক্ষার্থীরা স্কুলে আসে না। কিন্তু কতিপয় সহকারী শিক্ষক আমার অনুরোধ না শুনে কৌশল অবলম্বন করে পুরোদমে অবৈধ কোচিং চালিয়ে যাচ্ছে। প্রবাদে বলে কে শোনে কার কথা। এ ঘটনা নিয়ে আমি অবৈধ কোচিং করানো সহকারী শিক্ষকদের গত ১০ মে হতে ১৬ মে তারিখে নোটিস করি। এর পর থেকে অবৈধ কোচিং করা সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের প্রতি শত্রুতা পোষণ শুরু করে।
