জোনাকি সিনেমা হলে বৈকালিক শো শুরু হওয়ার কথা। কিন্তু টিকেট কাউন্টারে কেউ নেই! তার মানে শো অফ? খোঁজ নিয়ে জানা গেল সিনেমার দর্শক না থাকায় কাউন্টারের লোকজন হলের সামনে বসে ইফতার বিক্রি করছেন! দোকানটাও নাকি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের। মূলত হলের খরচ ওঠাতেই সিনেমা প্রদর্শনের পাশাপাশি ইফতার বিক্রি।
ইফতার বিক্রি কেন্দ্রেই কথা হলো কাউন্টার ম্যানেজার সুবোধ বাবুর সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমার বাজার এমনিতেই মন্দা, তাছাড়া রোজায় অন্যান্য সময়ের চেয়ে দর্শক কম থাকে। তাই গত ৩ বছর ধরেই আমরা ইফতার বিক্রি করছি। উপায় নেই তো! খরচ তো ওঠাতে হবে। এই ইফতার বিক্রি করে বাড়তি কিছুটা টাকা আসে, যা দিয়ে আমাদের হাত খরচটা হয়ে যায়।’
রমজান মাসে সারাদেশেই সিনেমার দর্শক কম থাকে। সারাদিন প্রতি শোতে কিছুসংখ্যক দর্শক থাকে। তবে ইফতার করার পর ফাঁকা থাকে পুরো হল। ‘সিনেমা হল বন্ধ রাখলে একেবারেই লস’ এই কথা ভেবে পুরোনো সিনেমা চালাচ্ছে হল কর্তৃপক্ষ।
জোনাকি সিনেমা হলে গত শুক্রবার থেকেই চলছে আজাদ খান পরিচালিত শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘লাস্ট টার্গেট’। এই ছবির নায়িকা কেয়া। ছবিটি কেমন চলছে জানতে চাইলে হলের এক কর্মচারি বলেন, ‘শাকিব খানের নতুন ছবি সবসময় ভালো চলে। সে কারণে তাঁর পুরোনো ছবিই চালানো হচ্ছে। আগের সিনেমা হওয়ায় দর্শক নেই বললেই চলে। যে টাকার টিকেট বিক্রি হয় তাতে ১২ জন স্টাফের পকেট খরচও হয় না। তাইতো ইফতার বিক্রি করছি সবাই মিলে।’
কাকরাইলের রাজমনি সিনেমা হলে গিয়েও একই অবস্থা দেখা গেল। নাম প্রকাশে অনিচ্ছুক রাজমনি হলের এক কর্মকর্তা বলেন, ‘সারাদিন সিনেমার টিকেট বিক্রি করে যে টাকা ওঠে না, তারচেয়ে দ্বিগুণ ওঠে ঘণ্টা দুয়েক ইফতার বিক্রি করে। সামনে ঈদ। আমাদের এখানে যাঁরা কাজ করেন তাঁদেরও তো সংসার আছে। ঈদে জামা কাপড় কিনে দিতে হবে। সে কারণে বাধ্য হয়েই ইফতার বিক্রি করতে হচ্ছে।’
শুধু জোনাকি বা রাজমনি নয়, দেশের অধিকাংশ হলে রমজান এলেই চলে ইফতার বিক্রি। জেলা শহরের হলগুলোতেই বেশি চলে এসব। এছাড়া দেশের বেশ কয়েকটি হল রমজানকে কেন্দ্র করে বন্ধও রাখা হয়েছে। যে হলগুলো চালু রয়েছে সেগুলোতে দু-বছর বা তারচেয়ে পুরোনো সিনেমা প্রদর্শন করা হচ্ছে। এই তালিকায় সবচেয়ে বেশি রয়েছে শাকিব খানের সিনেমা। বেশকিছু হলে অশ্লীল সিনেমা প্রদর্শনের খবরও পাওয়া গেছে।
