নবজাতকের প্রথম গোসল

আপডেট : ২০ মে ২০১৩, ১৮:৫২
যেকোনো পরিবারে নতুন অতিথির আগমনে খুশির বন্যা বয়ে যায়। সবাই খানিকটা কোলে তুলে একটু আদর করার জন্য থাকে অধির অপেক্ষায়। ছোট্ট একটি মানুষ। তার থেকেও ছোট ছোট হাত-পা। তবে শুধু আনন্দ নিয়েই আসে না নতুন সন্তান, তার সাথে আসে নিত্য নতুন দায়িত্ব ও কর্তব্য। সন্তানকে কাছে পাওয়ার আনন্দ ও বিস্ময় এতটাই থাকে বাবা-মায়ের মনে যে অনেকেই বুঝে উঠতে পারেন না কীভাবে বাচ্চার সঠিক যত্ন নিতে হবে। খাবার ও ঘুমের ব্যাপারটা আয়ত্তে আনতে পারলেও অনেকেই বুঝে উঠতে পারেন না যে বাচ্চার গোসল কীভাবে ও কখন করানো উচিত। অথচ নবজাতকের জন্য গোসল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে প্রথমবার গোসল কীভাবে ও কখন করানো উচিত তা জানা না থাকলে অনেক সময় বাচ্চার নানাবিধ সমস্যা হতে পারে। তাই আমাদের আজকের এই আয়োজন নবজাতকের গোসল নিয়েই। নবজাতকের গোসল প্রক্রিয়া  প্রথমেই মনে রাখবেন বাচ্চাকে প্রথমবার পানির সংস্পর্শে আনছেন। তাই সে কিছুটা অসুবিধা বোধ করতেই পারে। অনেক নবজাতকই এ সময় কেঁদে উঠে। বাচ্চাকে তাই ধীরে ধীরে পানির সংস্পর্শে আনুন। হঠাত্ করে তার গায়ে পানি দিতে যাবেন না। কিছুক্ষণ পরেই বাচ্চা পানির সাথে মানিয়ে নিবে। তবে বেশি কান্না করলে পানি থেকে উঠিয়ে নিন নবজাতককে।  নবজাতকের গোসলের আগে খেয়াল রাখবেন যে বাচ্চার নাড়ি যদি কাঁচা থাকে তবে তাতে পানি না লাগানোই ভালো হবে। পানি লাগলে অনেক সময় সেখানে ঘা সৃষ্টি হতে পারে। তাই নবজাতকের নাড়ি শুকিয়ে পড়ে না যাওয়া পর্যন্ত নবজাতককে গোসল না দিলেও ক্ষতি নেই। এমন ক্ষেত্রে নবজাতকের শরীর সাবধানে স্পঞ্জ করে দেওয়া যেতে পারে।  একবার নাড়ি শুকিয়ে গেলে তারপর বাচ্চাকে গোসল দেওয়া যাবে। নবজাতককে গরমের সময় সপ্তাহে ২ থেকে ৩ বার গোসল করানো যেতে পারে যেন বাচ্চা সুস্থ ও ভালো থাকে।  বাচ্চাকে গোসল করানোর জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কখনোই স্বাভাবিক পানি ব্যবহার করা যাবে না। এতে বাচ্চার ঠাণ্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।  মনে রাখবেন, যে পাত্রে গোসল করাবেন সে পাত্রটি প্রথমে ২ থেকে ৩ ইঞ্চি পানি দিয়ে পূর্ণ করে নিন। এবার তাতে সন্তানকে নিয়ে তার শরীরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করান। চাইলে নবজাতকের উপযোগী কোনো সাবান ব্যবহার করতে পারেন, বাচ্চার শরীরে জন্মের সময়ের যে ময়লা থাকবে তা পরিষ্কার করার জন্য।  গোসলের পরে বাচ্চাকে সাথে সাথে নরম ও মোটা তোয়ালে দিয়ে জড়িয়ে নিয়ে মোলায়েমভাবে বাচ্চার শরীর একদম শুকনো করে মুছে ফেলতে হবে যেন পানি লেগে থেকে বাচ্চার ঠাণ্ডা না লাগে।  গোসলের সময় খেয়াল রাখবেন যেন বাচ্চার কানে ও নাকে পানি না যায়। কানে পানি গেলে পরবর্তীতে কান পেকে গিয়ে বাচ্চার কষ্ট হবে। এ ছাড়া নাকে পানি গেলে বাচ্চার শ্বাসের সমস্যা হতে পারে। তাই গোসলের সময় যথেষ্ট সতর্ক থাকবেন। অনেকে মিলে হৈচৈ না করে যে কোনো একজন গোসল করানোর দায়িত্ব পালন করুন।