পারিবারিক নির্যাতনে অতিষ্ঠ

আপডেট : ২০ মে ২০১৩, ১৮:৫৫
এক অচেনা অথবা চেনা মুখের মানুষের সাথে সারা জীবন থাকার জন্য এক নারী তার বাবার বাড়ি থেকে স্বামীর সাথে আসে শ্বশুরবাড়ি। সেখানে তাকে সইতে হয় নানা বিপত্তি—সেগুলোতে নাইবা গেলাম কিন্তু যেই অত্যাচার তাকে সইতে হয় তার নিজের জীবন সাথির কাছ থেকেই তা সত্যিই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। পারিবারিক নির্যাতন এমনই একটি সমস্যা যে সমস্যা থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়ে নারীর জন্য। এ নিয়ে আমাদের এবারের আয়োজন। দেখা যায় সমাজের সব শ্রেণীর মানুষ উঁচু থেকে নিচু, শিক্ষিত থেকে অশিক্ষিত সব নারীরাই এই অত্যাচারের সম্মুখীন হন। কেউ কেউ হয়তো সাহস করে বলেন কিন্তু অর্ধেকের বেশি নারী সেটা বলতে পারেন না সম্মানের ভয়ে, নিজের পিতা-মাতার মুখের দিকে তাকিয়ে, নিজের সন্তানাদির ভবিষ্যতের কথা ভেবে এবং নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। আসুন একটু দেখি কেন এমন হচ্ছে। কিছু কারণ তো নারীরা নিজে থেকেই সৃষ্টি করেন যা উপরে উল্লেখ করলাম যেসব কারণে সে প্রতিরোধ করতে পারে না এবং সমাজ থেকেও সাহায্য নিতে চায় না। কিন্তু যেটি মূল কারণ সেটি হলো আমাদের সভ্যতা যা সুপ্রাচীন কিন্তু পশ্চাদপদ কেননা এই সভ্যতা কখনই নারীদেরকে পুরুষের সমান তো দূরে থাক আশপাশেও আসতে দেয়নি। চিন্তা করুন একজন নারীর কথা যে প্রতিদিন মার খাচ্ছে তার স্বামীর কাছে কোনো না কোনো কারণে সেটা হতে পারে তরকারিতে লবণ বেশি থেকে শুরু করে কলারে ময়লা পর্যন্ত। এমনকি তাদেরকে পেটানো হয় চারিত্রিক বিভিন্ন দোষারোপ করে, মানে এক কথায় বলা যায় পেটানোর উছিলা প্রয়োজন এবং এই ঘটনা যে হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। অনেকটা নীরবেই ঘটে যায় ঘটনাগুলো। অনেক সময় এর সাক্ষী হিসেবে থাকে সন্তানরা এবং তাদের উপরেও এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। যেমন ছেলে হলে তার ভিতরেও এ রকম একটা পুরুশাসিত মনোভাব তৈরি হয় সেও হয়ে উঠে দানব মানব না হয়ে আর মেয়েরা তাদের মায়েদের মতো হয়ে উঠে ভিতু এবং শাসিত হওয়ার মনোভাব নিয়ে বড় হয় যা পরবর্তীকালে তাকেও একই পথে ধাবিত করে। এখন আসুন যখন সেই নারীরা যখন সাহায্য চায় তখন কী হয়? প্রথমেই যখন মেয়েটি তার পরিবারে জানায় তারা তখনি মান-সম্মানের দোহাই দেয়। দ্বিতীয়ত, পুলিশ স্টেশনে তাদের মামলা নিতে চায় না বলে কয়ে বুঝিয়ে দেয় যে এমন হয় সব পরিবারেই তুমি যাও সহ্য করে নাও। তৃতীয়ত, শাস্তি কিংবা মামলার জন্য ওই নারী আদালত প্রাঙ্গণে যায় তখন তাকে বলা হয়, ‘তিন মাস থাকুন, দেখুন, তার পর সিদ্ধান্ত নিন।’ এরপর আছে আরও নানা বিপত্তি। সরকারের উচিত এই বিষয়ক একটি সেল খোলা প্রতিটি পুলিশ স্টেশনে। যেখানে মহিলা পুলিশ থাকবেন দায়িত্বে কেননা অনেক সময় পুলিশ অফিসাররা মামলা নেন না, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন, কেননা শেষ পর্যন্ত তারাও এই সমাজেরই একজন পুরুষ। ২৪ ঘণ্টার কল সেন্টার চালু করা যেখানে কল করা মাত্র সাহায্যের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায়। ব্যাপক জনসচেতনতা চালু করা যাতে করে মহিলারা বোঝেন যে অপরাধী তারা নন, ওই পুরুষরা যারা তাদেরকে অত্যাচার করছে সুতরাং লজ্জা পেতে হলে তারা পাবে আপনি না। মডেল নভেরা ছবি আশীষ সেনগুপ্ত